হিন্দু বিয়ে নিবন্ধন বিষয়ক সেমিনার
হিন্দু বিয়েতে নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়ে গতকাল সোমবার নড়াইলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ দাবিতে ৫০ জোড়া দম্পতি নতুন করে বিয়ের নিবন্ধন করেন। জেলা পরিষদ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’ এ আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রী অ্যাঞ্জেলা গোমেজ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস।
সেমিনারে বক্তারা বলেন, বিয়ের নিবন্ধন না হলে হিন্দু নারীরা নির্যাতিত হবেন। বাংলাদেশে হিন্দু বিয়ের কোনো নিবন্ধন হয় না। অথচ ভারতে ১৯৬৫ সালে আইন করে হিন্দু বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। প্রধান অতিথি সুবাস বোস বলেন, সময়ের প্রয়োজনে সভ্যতার বিবর্তনে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হিন্দু বিয়ের নিবন্ধন এখন ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক হওয়া উচিত। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বিয়ে নিবন্ধক রমা রানী রায়, জেলা পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুন্ডু প্রমুখ।