হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রনবাগ পরিদর্শন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রনবাগ এলাকা পরিদর্শন করেছে। সেখানে তারা ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জমি নিয়ে বিরোধের জায়গা দেখতে যায়।
পরিদর্শনকালে প্রতিনিধিদল সাংসদের পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে। সে সময় সাংসদের ছোট ভাই মোহাম্মদ আলী প্রতিনিধিদলকে জানান, তাঁরা ঘটনাটির দ্রুত সমাধান চান। এ জন্য ঐক্য পরিষদের নেতাদের উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি। পরে প্রতিনিধিদল ধায়াপাড়া গ্রামে গিয়ে অকুল সিং, গোকুল সিং ও বুধুরাম সিংয়ের সঙ্গে কথা বলেন। তাঁরা জমি দখলের ঘটনা ও তাঁদের ওপর সাংসদের লোকজনের নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
পরিদর্শন শেষে নিম চন্দ্র স্থানীয় সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, জমি নিয়ে সাংসদের সঙ্গে স্থানীয়দের একটা বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে সাংসদের লোকজনের সঙ্গে গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হামলায় রূপ নেয়। তবে জমির বিভেদ নিয়ে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি কাম্য নয়।