হিন্দু ভোটারদের বাড়ির সামনে রক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পৌরসভায় দুর্বৃত্তরা গত রোববার দিবাগত রাতে হিন্দু ভোটারদের বাড়িঘরের সামনে রক্ত ছিটিয়ে দিয়েছে। এতে হিন্দুধর্মাবলম্বীরা আতঙ্কে রয়েছে। এ ছাড়া দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বিএনপির দুই নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
ভোলা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইরফানুর রহমান বলেন, এখানে ভোটার প্রায় ৩২ হাজার। এর মধ্যে নয় হাজার হিন্দুধর্মাবলম্বী। হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরের সামনে গরুর রক্ত ছিটিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে।
সরেজমিনে গতকাল সোমবার ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মরণ সুতার, শ্যামল মণ্ডল, সুশান্ত বেপারি, প্রফুল্ল বেপারি, রঞ্জিত মাস্টার, খোকন দেবনাথ, নারায়ণ ডাক্তার, কোদালি বাড়ি ও বেপারি বাড়ির উঠানে ছোপ ছোপ রক্ত দেখা যায়।
জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা, ভোলা থানার ওসি, মেয়র ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক রবীশ্বর হালদার বলেন, ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ ও মেয়র প্রার্থী হারুন অর রশিদ রক্তের বন্যা বইয়ে দেবেন বলে পথসভায় হুঁশিয়ারি দিয়েছেন। এটি তারই নমুনা।
তবে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ ও কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ভিত্তিহীন অভিযোগ করেছে। ঘটনাটি আমরা জানিও না, শুনিনি। এবার আওয়ামী লীগের প্রার্থীকে হিন্দুরা ভোট দেবেন না, তাই এ নাটক সাজিয়েছে।’
এদিকে দৌলতখান পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, গত রোববার রাতে দক্ষিণ মাথায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার জসিম উদ্দিনকে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন। ওই রাতেই যুগ্ম সম্পাদক শাজাহান সাজুকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা বাজারের উত্তর মাথায় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন ও কাউন্সিলর প্রার্থী জাফর হোসেনকে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ধাওয়া করেন। আনোয়ার হোসেন বলেন, ‘এসব বিষয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন তালুকদার বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন।
দৌলতখান পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ওসিকে তদন্তের জন্য বলা হয়েছে।