হিন্দু-মুসলিম নেই ভেদাভেদ
বোয়ালখালী নারায়ণ মন্দির ও বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামিয়া এতিমখানার দূরত্ব মাত্র ১০০ গজ। একদিকে চলছে দুর্গাপূজার সমবেত প্রার্থনা। অন্যদিকে মাদ্রাসায় চলছে ধর্মীয় আরবি শিক্ষা। আর পূজার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খাওয়ার ব্যবস্থা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
পূজামণ্ডপে দায়িত্বে পালন করতে এসে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অবাক। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত এক যুগ ধরে বিভিন্ন পূজা-পার্বণে সম্প্রীতির মাধ্যমে উৎসব পালিত হয়ে আসছে।
বোয়ালখালী নারায়ণ মন্দিরের সামনে কথা হয়, পূজার আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লোকমান হায়দারের সঙ্গে। পূজা কেমন চলছে, প্রশ্ন করতেই বলেন, ‘চাকরিজীবনে অনেক জায়গায় পূজার দায়িত্ব পালন করেছি। কিন্তু এখানে দেখলাম ভিন্ন। আমরা পাঁচজন পুলিশ পূজার নিরাপত্তায় দায়িত্বে আছি। আমাদের খাবারের ব্যবস্থা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিদিন দুপুর ও রাতের খাবার মাদ্রাসা থেকে ব্যবস্থা করা হয়। এমন নজির আর কোথাও আছে কি না আমার জানা নেই।’
গ্রাম প্রতিরক্ষা দলের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আফজাল হোসেন বলেন, প্রতিটি পূজায় মাদ্রাসা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলায় যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁদের জন্য মন্দির পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে এমন ব্যবস্থা করেন।
বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামিয়া এতিমখানার অধ্যক্ষ আবদুল্লাহ মেহেরী ১৪ বছর ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন। এ ১৪ বছর ধরেই পূজায় পুলিশ ও ভিডিপির সদস্যদের জন্য মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, মাদ্রাসা আর মন্দির পাশাপাশি থাকলেও কোনো দিন সম্প্রীতি বিনষ্ট হয়নি।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম বলেন, ‘মাদ্রাসাটি চলছে সব সম্প্রদায়ের সহযোগিতায়। মাদ্রাসার বার্ষিক সভায় যেমন অংশীদারত্ব থাকে, তেমনি পূজা-পার্বণেও আমাদের সহযোগিতা থাকে। এতে নিজেদেরও ভালো লাগে।’
মাদ্রাসা ও নারায়ণ মন্দির একটি সম্প্রীতির সেতুবন্ধ বললেন দীঘিনালা উপজেলা সনাতন সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও বোয়ালখালী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন। তিনি বলেন, প্রতিটি পূজায় মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করে থাকে। আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের খাবারে দায়িত্ব নেয়। এখানে কোনো ভেদাভেদ নেই। তিনি আরও বলেন, ‘মাদ্রাসার বার্ষিক সভায় যেমন আমাদের নিমন্ত্রণ দিয়ে খাওয়ানো হয়, তেমনি আমারও আমাদের প্রতিটি উৎসবে সবাইকে নিমন্ত্রণ করি। সারা দেশে এ ধরনের সম্প্রীতির মনোভাব সৃষ্টি করা প্রয়োজন।’