
‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
বিজয়া উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘সব সময় একটা ভুল ধারণা দেওয়া হয়, বিএনপির সঙ্গে হিন্দুদের নাকি দূরত্ব আছে। কিন্তু এটি ঠিক নয়। আমরাই সরকারে থাকতে অনেক মন্দির সংস্কার করেছি। রমনা কালীমন্দির পুনঃপ্রতিষ্ঠা করেছি। মন্দিরভিত্তিক পাঠাগার গড়েছি।’
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একসঙ্গে বাস করে। এখানে ঈদ, পূজা ও বুদ্ধপূর্ণিমা একসঙ্গে পালিত হয়। সব ধর্মের সমান অধিকার রয়েছে এ দেশে। তাই সবাই মিলেই দেশটা গড়ব।
খালেদা জিয়া বলেন, ‘কেউ সংখ্যায় কম হলেই তাকে সংখ্যালঘু বলা যায় না, বরং আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি। সব ধর্মের সমান অধিকার। অন্য ধর্মের ওপর কেউ আঘাত আনলে কঠোরভাবে তা দমন করা হবে।’ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার
মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভা-সমাবেশ নিষিদ্ধ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকারের প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেননি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠক এবং ১৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে জানানো হবে।