নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩
নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় এক ঝালাই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। আহত লোকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ তিনজন হলেন ঝালাই কারখানার মালিক বাচ্চু মিয়া, শ্রমিক রাজু মিয়া ও আবু বক্কর।
প্রত্যক্ষদর্শী আতাউর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বড় হরিশপুর এলাকায় বাচ্চু মিয়ার ঝালাই কারখানার শ্রমিকেরা মাইক্রোবাস মেরামতের কাজ করছিলেন। এ সময় মাইক্রোবাসের শীতাতপ যন্ত্রে আগুন ধরে যায়। আগুনে কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই তিনজন অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সাত্তার বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।’