ইবোলা ভাইরাসে আক্রান্তদের জন্য ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ
সিয়েরালিওন, লাইবেরিয়া ও মালিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এক কোটি টাকার ওষুধ ও অন্যান্য চিকিত্সাসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ে সামরিক বাহিনীর মেডিকেল সার্ভিস শাখার মহাপরিচালক আবুল কালাম আজাদের কাছে এই ওষুধ ও অন্যান্য চিকিত্সাসামগ্রী হস্তান্তর করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুলসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওষুধ ও অন্যান্য চিকিত্সাসামগ্রী হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সিয়েরা লিয়ন দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শান্তি মিশনে কর্মরত সামরিক বাহিনীর চিকিত্সক দলের মাধ্যমেও আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিয়েরা লিওনে ব্যাপকভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে কর্মরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও এই স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে পারে।’
সরকারি একটি সূত্র জানায়, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের প্রায় ৮০০ সদস্য আছেন।
এ বছরের ২৩ মার্চ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। দ্রুত রোগটি লাইবেরিয়া, সিয়েরালিওন ও নাইজেরিয়ায় ছড়িয়ে পড়ে। ৮ আগস্ট বিশ্বস্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে বিশ্বব্যাপী সতর্কতা জারি করে। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, ১৯ আগস্ট পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে দুই হাজার ২৪০ জন। এদের মধ্যে মারা গেছে এক হাজার ২২৯ জন। ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীরা তীব্র জ্বরে ভোগে। এ রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার শতকরা ৯০ ভাগ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকারও ১০ আগস্ট দেশে ৯০ দিনের সতর্কতা জারি করে।