হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বিচারক দিয়ে তদন্ত চেয়ে রিট
দেশের বিভিন্ন জেলায় ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাঁদের সম্পত্তি ও উপাসনালয়ে সহিংস হামলার ঘটনা চিফ মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল বুধবার রিটের ওপর শুনানি হতে পারে।
২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস আবেদনকারী হয়ে রিটটি করেন। হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় আজ রিটটি ৫৩ নম্বর ক্রমিকে ছিল।
অনুপ কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রিটের ওপর বুধবার শুনানির জন্য দিন রেখেছেন। শারদীয় দুর্গা উৎসব চলাকালে দেশের ছয়টি জেলাসহ বিভিন্ন স্থানে প্রতিমা ও উপাসনালয়সহ ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও তাঁদের ঘরবাড়িতে হামলা চালানো হয়। এই হামলা যাতে আর না হয়, সে জন্য ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামলার ঘটনা বিচারক দিয়ে তদন্ত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। রিটে রুলসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বুধবারের কার্যতালিকায় রিটটি ৪৬ নম্বর ক্রমিকে রয়েছে।
রিটের প্রার্থনায় দেখা যায়, ক্ষতিগ্রস্ত এলাকায় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার প্যান্ডেল, প্রতিমা, বাসস্থান, জীবন ও সম্পত্তি রক্ষা এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে বিচারাধীন অবস্থায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রংপুরের পুলিশ সুপারসহ কুমিল্লা সদর থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়ার আরজি রয়েছে রিটে। রংপুর জেলার পীরগঞ্জসহ অন্য এলাকায় বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের মাধ্যমে পুনর্বাসন ও জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রুল হলে তা বিচারাধীন অবস্থায় যেকোনো ধর্ম ও বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য, ছবি ও মন্তব্য সরিয়ে নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিভিন্ন জেলায় হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এবং সেখানকার স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতের আরজিও রয়েছে রিটে।
রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, ধর্মসচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি বিভাগ) সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণসচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২১ জনকে বিবাদী করা হয়েছে।