হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও দিনাজপুরের কাহারোলে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ। আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক অনির্বাণ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মূল বিষয় ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। সব ধর্ম, বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলেন। আজ সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক ও মৌলবাদী অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সারওয়ার জাহান প্রমুখ।