হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার পৃথক পৃথক কর্মসূচি পালন করে এসব সংগঠন।গতকাল দেশব্যাপী প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের আত্মার সদ্গতি এবং আহতদের আরোগ্য কামনায় সব ধরনের ধর্মীয় উপাসনালয়ে এই প্রার্থনার আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সেবায়েত প্রদীপ চক্রবর্তী।এর আগে সকালে রাজধানীর বাংলা একাডেমীর সামনে মানববন্ধন করে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ আন্দোলন। মানববন্ধনে বক্তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এ সময় বক্তৃতা করেন অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, দিলীপ ভদ্র, সুনীল শুভ রায় প্রমুখ।মানবতাবিরোধী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে হিন্দু কল্যাণ সংস্থা। এ সময় বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের নির্যাতন ও আস্ফাালন আবারও মাথাচাড়া দিয়েছে। সংখ্যালঘুরা আবারও নির্যাতিত হচ্ছে। সমাবেশে বক্তৃতা করেন সংস্থার চেয়ারম্যান রূপচাঁন বিশ্বাস ও মহাসচিব হূদয় চন্দ্র গুপ্ত।