হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেছেন। তিনি এদিন তাঁর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং এ অবস্থায় ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের উত্তরে প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসা সন্তুষ্ট করলেও সাম্প্রতিক বিক্ষোভের সময় ৭০ জনের বেশি লোকের প্রাণহানি আমাদের মর্মাহত করেছে। হিন্দুু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলার খবরে আমরা অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে যাব। শান্তিপূর্ণ প্রতিবাদ যে মৌলিক অধিকার—এ ব্যাপারে আমরা উৎসাহ জুগিয়ে যাব। সেই সঙ্গে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা সমাধানের পথ নয়। তাই আমরা সব বাংলাদেশিকে অব্যাহতভাবে এটা বলেই উৎসাহিত করতে চাই যে তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের মতামতের বহিঃপ্রকাশ ঘটাবেন।’