হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় বিজেপির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নির্বাচন-পরবর্তী সহিংসতার ব্যাপারে গতকাল বুধবার উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লিতে দেওয়া এক বিবৃতিতে রাজ্যসভায় বিরোধী দলের নেতা অরুণ জেটলি বলেন, বাংলাদেশের ইতিমধ্যেই নিরাপত্তাহীন হিন্দুরা আরও বেশি হুমকির সম্মুখীন হচ্ছে।
বিবৃতিতে অরুণ জেটলি বলেন, প্রচারমাধ্যমের খবরে ইঙ্গিত মেলে, বেশির ভাগ হামলার ঘটনাই ঘটেছে জামায়াতে ইসলামী এমনকি বিএনপির নির্দেশে। প্রতিবেশী বাংলাদেশে ‘হ্রাসমান’ হিন্দু জনসংখ্যার উল্লেখ করে বিজেপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, এটা লক্ষণীয় যে স্বাধীনতার সময় হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ৩০ শতাংশের মতো থাকলেও সাম্প্রতিক হিসাবে তা শতকরা ১০ থেকে ১২ শতাংশ। প্রতিবেশী দেশে বিশৃঙ্খলা হলে তা ভারতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং এর পরিণতি অনেক সময় সীমান্ত অতিক্রম করে ভারতেও অনুভূত হয়। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এ বিবৃতিতে অরুণ জেটলি আশা প্রকাশ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে এবং প্রধান দলগুলো তাদের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে সক্ষম হবে।
‘ভারতের জন্য সুখবর’: এদিকে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস এক মন্তব্য প্রতিবেদনে লিখেছে, শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসায় ভারত তার পূর্ব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এতে বলা হয়, ২৩০টির বেশি আসন জেতার পরও শেখ হাসিনার জন্য আগামী দিনগুলো খুব সহজ হবে না। তবে এ মুহূর্তে শেখ হাসিনা ও তাঁর দল বিজয়ী এবং তা ভারতের জন্য সুখবর।
প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার শাসনকালে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার হয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে। আগামী নির্বাচনের পর যে দলই সরকার গঠন করে, তাদের কাজ হবে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার ওপর খুব বেশি গুরুত্ব না দিয়ে ভারতের উচিত হবে তার পূর্ব সীমান্তের প্রতিবেশীর দিকে নজর দেওয়া। তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি করা উচিত বলেও এতে মন্তব্য করা হয়।