হিন্দুদের উত্তরাধিকার ও বিয়ে আইন সংশোধনের সুপারিশ
হিন্দু নারীদের সমান অধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার ও বিয়ে-সংক্রান্ত হিন্দু আইন সংশোধনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, হিন্দু আইন সংশোধনের পাশাপাশি রেজিস্ট্রেশন আইনের হেবা (দান)-সংক্রান্ত বিধানকে সার্বজনীন করার সুপারিশ করে কমিটি। তিনি বলেন, এসব বিষয়ে আইন মন্ত্রণালয়কে আইনের খসড়া তৈরি করতে বলা হয়েছে। তবে এর আগে-পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হিন্দু উত্তরাধিকার আইনে সম্পত্তির বণ্টনসংক্রান্ত যে বিধান আছে, তা বৈষম্যমূলক। এখানে মৃত ব্যক্তির মেয়ে ও বিধবা স্ত্রী সম্পত্তির কোনো ভাগ পায় না। বিষয়টিকে সামনে রেখেই কমিটি এ আইনটি সংশোধনের সুপারিশ করে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আইনটি সংশোধন করা হবে। হিন্দুদের বিয়েসংক্রান্ত বিদ্যমান আইনে নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক নয় উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিয়ের সনদ না থাকায় পরে অনেক সমস্যার সৃষ্টি হয়। বিদেশে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। এ জন্য বিয়ের নিবন্ধন বিধান চালু করা আবশ্যক। কমিটি মনে করে, বিদ্যমান আইনটি বৈষম্যমূলক। শুধু ধর্মীয় কিছু আচার পালন করলেই বিয়ে হয়ে যায়। তালাকের সময় দায়িত্বের প্রশ্নটি আড়ালে চলে যায়। এ সবকিছু বিবেচনা করে কমিটি হিন্দু বিয়ে আইনের সংশোধন করার সুপারিশ করেছে। হেবা (দান)-সংক্রান্ত আইন সংশোধনের সুপারিশ সম্পর্কে সুরঞ্জিত বলেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী ১০০ টাকার কোর্ট ফি দিয়ে সম্পত্তি দান করার বিধান শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য। হিন্দুরাও যাতে হেবা বা দান করতে পারে, সে বিধান থাকা বাঞ্ছনীয় বলে কমিটি মনে করে। তাই কমিটি আইনটিকে সংশোধন করে সার্বজনীন রূপ দেওয়ার সুপারিশ করেছে।