হিন্দুদের ওপর হামলায় আ.লীগ জড়িত: জামায়াত
জামায়াতে ইসলামী দাবি করেছে, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার সঙ্গে জামায়াত বা তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। দলটির দাবি, এসব হামলায় ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা’ জড়িত। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলা হয়, ১৪ দলীয় জোট সরকারের গণহত্যার বিরুদ্ধে যখন সারা বিশ্বের মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ও তাদের সমর্থক কিছু সংবাদপত্র ও গণমাধ্যম জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে তথ্যসন্ত্রাস চালাচ্ছে। বিবৃতিতে জামায়াত নেতা বলেন, গত মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলায় শহীদ মিনার ভাঙার সময় যুবলীগের নেতা তবিবুর রহমানকে (টিপু) জনগণ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। একই দিন হরতাল চলাকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একজন হিন্দুর মিষ্টির দোকানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা ও মন্দিরে ঢুকে দোকানের মালিককে মারধর করেছে। কুমিল্লায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছে। এ থেকেই প্রমাণিত হয়, শহীদ মিনারে এবং হিন্দুদের বাড়িতে ও মন্দিরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন জড়িত। বিবৃতিতে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ: গতকাল পৃথক আরেক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দলের তিন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার আদেশে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত বিষয়ে অনেক রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলেছেন। জামায়াত ট্রাইব্যুনালের কাছে একই ধরনের প্রতিকার আশা করে।