হিন্দুদের দোকান ও বাড়িতে হামলা, মন্দিরে আগুন, চুরি
১৮-দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে বিএনপি-জামায়াতের কর্মীরা হিন্দুদের তিনটিসহ চারটি দোকান ভাঙচুর এবং রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা করেছেন। কিশোরগঞ্জে একটি হিন্দু বাড়ি থেকে মূর্তিসহ ঠাকুরঘরের মালামাল চুরি এবং কুড়িগ্রামে একটি কালীমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে গত মঙ্গল ও বুধবার অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে মন্দিরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লালমনিরহাটের পাটগ্রামে সরকারের হাট আঞ্চলিক সড়কের কাফির বাজার ও ঘোষপাড়া এলাকায় গতকাল সকাল আটটায় চারটি দোকান ভাঙচুর করেছেন বিএনপি-জামায়াতের কর্মীরা। এ দুটি স্থানে বিএনপি ও জামায়াতের কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় অবরোধকারীরা সেখান থেকে সরে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে জোংড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম এবং স্থানীয় রহমান মিয়ার ছেলে মোস্তাকিমকে আটক করে থানায় নিয়ে যায়। এর পরই জামায়াত-শিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে কাফির বাজারে আওয়ামী লীগের কর্মী জমির উদ্দিন মিয়ার ওষুধের দোকান ও মানিক ঘোষের মুদির দোকান এবং ঘোষপাড়ায় সুভাস দাস ও খোকন ঘোষের মুদি দোকান ভাঙচুর করেন। পরে তাঁরা রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিত কুমার ঘোষের বাড়িতে হামলা চালান।
তাপসের মা সবিতা রানী ঘোষ জানান, হঠাৎ করে শ খানেক লোক তাঁর বাড়িতে হামলা চালিয়ে তিনটি কক্ষ ও একটি রান্নাঘরের আসবাব ভাঙচুর করেন।
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার সরকারবাড়ির তিনতলায় অবস্থিত ঠাকুরঘর তছনছ করে প্রতিমাসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির বড় ছেলে গৌতম সরকার জানান, তিনতলায় কীভাবে দুর্বৃত্তরা ঢুকল, তা তাঁদের বোধগম্য নয়। এর আগে গত এক মাসে দুবার দুর্বৃত্তরা গোপালের প্রতিমা নিয়ে যায়। এবার তারা তিনটি প্রতিমাসহ সব মালামাল নিয়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল মালেক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা সর্বজনীন কালীমন্দিরে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। আগুনে মন্দিরের শিশু ও গণশিক্ষা পাঠশালা পুড়ে যায়। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে নাওডাঙ্গা জমিদারবাড়ি মহা-অর্চনা সংঘের উদ্যোগে বালারহাট বাজার চত্বর ও ফুলবাড়ী উপজেলা সদরে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিন্দা-প্রতিবাদ: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হত্যা, তাঁদের মন্দির, বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। বিভিন্ন স্থানে হামলার চিত্র তুলে ধরে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ নভেম্বর রাতে ফটিকছড়ির পাঁচপুকুড়িয়া গ্রামের নাথপাড়ায় সন্ত্রাসীদের দেওয়া আগুনে সুমী নাথ ও তাঁর দেড় বছরের শিশু শ্রবণ নাথ মারা যায়। ওই রাতেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ধামারহাট, সিরাজগঞ্জের শাহজাদপুরে শিবমন্দিরে আগুন দেওয়া হয়। ২৭ নভেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালীমন্দিরে আগুন দেয় সন্ত্রাসীরা। এ ছাড়া ২৮ নভেম্বর পাটগ্রামে সন্ত্রাসীরা সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায়।