হিন্দুদের বাড়ি জ্বালানোর নির্দেশ দেন ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী এম এ খালেক (৬০)। জবানবন্দিতে এম এ খালেক বলেন, একাত্তরের ২৫ এপ্রিল ইউসুফ হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এম এ খালেকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।

জবানবন্দিতে এম এ খালেক বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ২৫ এপ্রিল ইউসুফ লঞ্চ থেকে নেমে শরণখোলার রায়েন্দা পাইলট স্কুলে যান। তিনি (ইউসুফ) সেখানে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওই বক্তৃতার সময় এম এ খালেক ওই স্কুলে ছিলেন। এর আগে ২২ এপ্রিল কচুয়ায় ইউসুফ একই ধরনের বক্তব্য দেন। এম এ খালেক শুনেছেন, ২২ এপ্রিল ইউসুফের সঙ্গীরা ১০-১১টি গ্রামে হামলা চালিয়ে ৩০০-৪০০ বাড়ি লুট করেন।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, একাত্তরের ৫ মে ইউসুফ রাজাকার বাহিনী গঠন করেন। ইউসুফের নির্দেশে রাজাকাররা ৭ জুন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার, আজমত আলী মুন্সি ও ইসমাইলকে হত্যা করে। ইউসুফের নেতৃত্বে রাজাকাররা ৯ জুন শরণখোলার তাফালবাড়ি বাজারে মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাশারত খানকে আটক করে। তাঁদের নির্যাতনের পর ইউসুফের নির্দেশে রাজেশ্বর নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনা তিনি অন্য মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছেন।

জবানবন্দিতে এম এ খালেক আরও বলেন, একাত্তরের ২৯ জুলাই রাজাকারদের নিয়ে ইউসুফ রায়েন্দা বাজারে বৈঠক করার সময় কয়েকজন রাজাকার মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি আবদুস সালামকে ধরে তাঁর সামনে নিয়ে যায়। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। সালামের ভাই এ ঘটনার প্রত্যক্ষদর্শী, তাঁর কাছে তিনি ঘটনাটি শুনেছেন।
জবানবন্দির শেষ পর্যায়ে এম এ খালেক আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে খালেককে আসামিপক্ষের জেরার জন্য আগামী বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।