হিন্দুদের ভীতির মধ্যে প্রার্থনা করতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে। তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন জায়গায় হিন্দু নেতা ও পুরোহিতদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। উপাসনালয়ে গিয়েও ভীতির মধ্য দিয়ে তাঁদের প্রার্থনা করতে হচ্ছে।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা এসব কথা বলেন। তাঁরা হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের হুমকিদাতাদের চিহ্নিত করে তাঁদের শাস্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা কমিশন, আসন্ন দুর্গাপূজায় এক দিনের পরিবর্তে তিন দিন সরকারি ছুটি ঘোষণা ও জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়। তিনি হিন্দু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে বলেন, হিন্দু মন্দির, বাড়ি ভাঙলে শাস্তি হয় না। এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না।
হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেন, ‘নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশ পুরোহিতদের সঙ্গে মন্দিরে যাচ্ছে, সেখানে থাকছে। পূজা শেষে পুরোহিতকে নিরাপত্তা দিয়ে বাড়ি ফিরিয়ে আনছে। কিন্তু এভাবে আর কত দিন?’