হিন্দুদের সম্পত্তি অর্পিত হিসেবে তালিকাভুক্তির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে মঠ-মন্দির রক্ষা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ জাতীয় কমিটি।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্পত্তিকে অর্পিত তালিকায় ফেলা হচ্ছে। মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তিকে অবৈধ ও বেআইনিভাবে অর্পিত সম্পত্তি হিসেবে দেখানো হচ্ছে। নতুন করে আরও ছয় হাজার একর ভূমি অর্পিত তালিকাভুক্ত করার চেষ্টা চলছে।
বক্তারা বলেন, যেসব সম্পত্তি ইতিমধ্যে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে, তা যাচাই-বাছাই করে ফেরত দিতে হবে। এ ছাড়া নতুন করে আরও অনেক সম্পত্তি অর্পিত সম্পত্তিভুক্ত করার চক্রান্ত চলছে। এ কাজ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। বক্তারা অভিযোগ করেন, ভূমি কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এই চক্রান্তের সঙ্গে জড়িত।
সমাবেশে বক্তব্য দেন মঠ-মন্দির রক্ষা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ জাতীয় কমিটি চট্টগ্রামের সভাপতি লীলাদাস গৌরদাস, সাধারণ সম্পাদক জহরলাল চক্রবর্ত্তী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দাশ, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি যীশু কৃষ্ণ রক্ষিত ও সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ প্রমুখ।