হিন্দুদের সহায়তা করবে পশ্চিমবঙ্গ বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের সহায়তা করবে ভারতের ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। এর পাশাপাশি বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য তাদের চিহ্নিত করবে। পশ্চিমবঙ্গ বিজেপি এ জন্য ‘রিফিউজি সেল’ নামে একটি দপ্তর খুলেছে। ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস-এ গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু নাগরিকেরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতে থেকে যেতে পারবে—ভারতের কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই রাজ্য বিজেপি এ সিদ্ধান্ত নেয় বলে জানায়। রিফিউজি সেলের আহ্বায়ক মোহিত রায় বলেন, ‘আগে হিন্দু ও মুসলিম সব বাংলাদেশিকেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হতো। জাতিসংঘও ভারতে আসা হিন্দুদের “শরণার্থী” হিসেবে স্বীকৃতি দেয়নি। এখন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের রক্ষার জন্য আইনি স্বীকৃতি মিলল।’
মোহিত রায় বলেন, ‘দলীয় লোক এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব। এর পাশাপাশি তাদের আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানোর জন্য প্রশাসনকে চাপ দেব। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল যেন তাদের নির্বাচনে ব্যবহার করতে না পারে সে চেষ্টা করব।’
এ বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয়টি আমরা এখনো যাচাই করে দেখিনি। তবে আমরা জানি, নির্বাচনের আগে বিজেপি অনেক কিছুই করবে।’