হিন্দুবাড়িতে দুর্বৃত্তদের আগুন পুড়ল রান্নাঘর
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামের তপন ডাক্তারের বাড়ির একটি রান্নাঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কারা এবং কী কারণে ঘরে আগুন দিয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে, এর আগে গত রোববার গভীর রাতেও ওই বাড়ির দুটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। গৃহকর্তা পল্লি চিকিৎসক তপন চন্দ্র ভৌমিক প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ তাঁদের বাড়িতে বিকট শব্দে দুটি বিস্ফোরণের শব্দ শুনে ঘরের নারীরা আতঙ্কিত হয়ে ওঠেন। এর পরই দেখেন বসতঘরসংলগ্ন রান্নাঘরের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় নারীরা চিৎকার দিয়ে বের হলে বাড়ির ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে রান্নাঘরটি পুড়ে যায়। তপন ভৌমিক দাবি করেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে রান্নাঘরটিতে আগুন দিয়েছে। এ ঘটনার এক দিন আগে রোববার গভীর রাতে তাঁর বাড়ির সামনের দুটি খড়ের গাঁদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার পরই এক এসআইকে সেখানে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে তাঁর তথ্যের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হবে।