হিন্দুবাড়িতে রহস্যজনক আগুন, পুলিশ বলছে সাজানো ঘটনা!
নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কালী কুমার ঘোষের বাড়িতে রহস্যজনক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির সপ্তম মজুমদারের রান্নাঘর আংশিক পুড়ে যায়।
এ ঘটনায় ওই বাড়ির সামনের মন্দিরে দুর্গাপূজা মণ্ডপে আসা ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় মন্দিরের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় মন্দিরে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও তাঁরা কাউকে ধরতে পারেননি। খবর পেয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে হিন্দুবাড়ির রান্নাঘরে আগুন লাগার কথা নিশ্চিত করেন ওসি মো. নাজিম উদ্দিন। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরেজমিনে গিয়ে ঘটনাটি সাজানো মনে হয়েছে। কারণ যে বাড়ির ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা বয়সে ছোট এবং হিন্দুবাড়িতে আসতে হলে তাদের একটি খাল সাঁতরে আসতে হবে। এর পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
বাড়ির বাসিন্দা সুকেন্দ বিকাশ ঘোষ প্রথম আলোকে বলেন, সকাল থেকে তাঁরা বাড়ির বেশির ভাগ সদস্যই বাড়ির সামনের পূজামণ্ডপে পূজা নিয়ে ব্যস্ত। বাড়ির ভেতরের দিকে কারও তেমন খেয়াল ছিল না। সকাল ১০টার দিকে হঠাৎ বাড়ির এক নারী সপ্তম মজুমদারের রান্নাঘরের পেছনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে চিৎকার দেন। এ সময় পূজামণ্ডপ থেকে তাঁরা সবাই এসে আগুন নেভান। সুকেন্দ বিকাশ জানান, গতকাল সকাল থেকে রান্নাঘরে চুলা জ্বালানো হয়নি। তাই কেউ পূর্বপরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে পাশের বাড়ির কিছু ছেলের সঙ্গে বাঁশ কাটা নিয়ে ঝড়গা হয়। যার জের ধরে তারাও এ ঘটনা ঘটাতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।