হিন্দুবাড়িতে হামলার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে একটি হিন্দু পরিবারের ওপর হামলা ও পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। তবে ওই মামলার ছয়জন আসামির কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। গত ২ জুলাই হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ থেকে এ মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা প্রশাসনের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত তথ্য জানা যায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শিবপাশা এলাকার সুব্রত দাশ সামন্ত ওরফে পল্টুর পরিবারের সঙ্গে কাদমা গ্রামের যুক্তরাজ্য-প্রবাসী মো. মোহন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ২০০৮ সালের ১ জুলাই মোহন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সুব্রত দাশের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বাড়ির লোকজনকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। এ সময় বাড়ির পূজামণ্ডপও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সুব্রত দাশ ওই বছরের ৫ জুলাই নবীগঞ্জ থানায় মোহন মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের নামে একটি মামলা করেন। ছয় বছর ধরে মামলাটি হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ বিচারাধীন ছিল।
এদিকে মোহন মিয়া মামলাটি হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য ২০১১ সালের ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এতে তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করেন। ওই আবেদনে হবিগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ মো. আবু জাহির সুপারিশ করেন।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা হাকিমের কাছে তা পাঠায়। ওই সময় কমিটির সভাপতি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক আবুল কাশেম তালুকদার। তিনি অনুমোদন করার পর মন্ত্রণালয় ২০১২ সালের ১৭ অক্টোবর মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে বিষয়টি জানায়।
গত বছরের ১২ মে হবিগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছালেহ উদ্দিন আহমেদ জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২-এর আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। বিচারক নিশাদ সুলতানা ২ জুলাই আবেদন মঞ্জুর করেন।
মামলার বাদী সুব্রত দাশের অভিযোগ, সাংসদ আবু জাহির, তৎকালীন জেলা প্রশাসক ও সরকারি কৌঁসুলিসহ আওয়ামী লীগের কয়েকজন আইনজীবী টাকার বিনিময়ে মোহন মিয়াকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মোহন রাজনীতির সঙ্গে যুক্ত নন। মামলায় সাজা হবে বুঝতে পেরে তিনি টাকা খরচ করে আওয়ামী লীগের নেতা সেজে সুযোগটি নিয়েছেন।
মামলা প্রত্যাহারের আবেদনে সুপারিশ করার কথা স্বীকার করলেও অর্থের বিনিময়ে তা করেননি বলে দাবি করেছেন সাংসদ মো. আবু জাহির। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা জনপ্রতিনিধি। অনেকেই আমাদের কাছে সুপারিশের জন্য আসেন। দলের কেউ হয়তো আমাকে দিয়ে এ সুপারিশ করিয়ে নিয়ে গেছেন।’
হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আকবর হোসেন জানান, আবেদনে স্থানীয় সাংসদের সুপারিশ ছিল। এ কারণে তিনিও তাতে সই করেন।
নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, মোহন মিয়া আওয়ামী লীগের কেউ নন। দলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া তাঁর সময়ে এ আবেদনটি অনুমোদন দেওয়া হয়নি।