হিন্দুরা নীরবে-নিভৃতে চলে যাচ্ছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুদের দেশত্যাগ ঠেকানো না গেলে বাংলাদেশ মহাসংকটে পড়বে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সুরঞ্জিত। তিনি এ সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি উত্থাপন করেন। গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিচার হলে দেশত্যাগের ঘটনা ঘটত না।

আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘হিন্দুরা নীরবে নিভৃতে চলে যাচ্ছে। ২০০১-এর নির্বাচন-পরবর্তী সহিংসতার কারণে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এখন ৮ দশমিক ৫ শতাংশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। না হলে দেশ মহা সংকটে পড়বে।’

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন ‘ইনক্লুসিভ’ হয়নি। এই সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। প্রথমটি হলো জনগণের আস্থা অর্জন ও দ্বিতীয়টি হলো সুশাসন প্রতিষ্ঠা।

সুরঞ্জিত আরও বলেন, প্রধানমন্ত্রী নিকৃষ্টদের বাদ দিয়ে উত্কৃষ্টদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। এমন কিছু বলবেন না যাতে সিনিয়র মিনিস্টাররা বিব্রত হন। এটি সুশাসনের পরিপন্থী। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে।’