হিমছড়ি সৈকতে ঝাউগাছ কেটে দোকানপাট
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পর্যটনকেন্দ্র। এর ঝাউবাগান দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে সৈকতের কিছু ঝাউগাছ কেটে প্রায় অর্ধশত দোকান তৈরি করা হয়েছে। আরও কিছু দোকান তৈরির কাজ চলছে।পরিবেশ সংরক্ষণে সোচ্চার ব্যক্তি, সংগঠন ও বন বিভাগ বলছে, পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় এমন স্থাপনা নির্মাণের ফলে হিমছড়ির পরিবেশ আরও হুমকির মুখে পড়ছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটি তার সৌন্দর্য হারাচ্ছে।অভিযোগ রয়েছে, হিমছড়ি হকার বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাহার উল্লাহ ও সাধারণ সম্পাদক নূরুল আলম ফকিরের নেতৃত্বে প্রায় এক মাস ধরে ঝাউবাগান দখলের প্রক্রিয়া চলছে। তাঁদের সহযোগিতা করছেন খুনিয়া পালং ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার। সমবায় সমিতির নেতাদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা দোকান নির্মাণ করছেন। তবে সমিতির নেতাদের এ দাবি নাকচ করে দিয়েছে প্রশাসন।রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, সৈকতের প্রধান আকর্ষণ ঝাউবাগান। কিন্তু কোনো অনুমোদন ছাড়াই এই বাগান দখল করে অপরিকল্পিতভাবে দোকানপাট তৈরি করা হচ্ছে। এ কারণে কক্সবাজারের পর্যটনশিল্পে বিরূপ প্রভাব পড়বে।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে কক্সবাজার সৈকতসংলগ্ন ৯০ কিলোমিটার জায়গাকে পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়মানুযায়ী এসব এলাকায় কোনো স্থাপনা হতেই পারে না।স্থানীয় ব্যবসায়ীরা জানান, টিনের তৈরি একেকটি দোকান বরাদ্দ নিতে ১৫ থেকে ৫০ হাজার টাকা দিতে হচ্ছে। ইতিমধ্যে এসব দোকান বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির নেতারা কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বন বিভাগ ও ভূমি কার্যালয়কে হাতে রাখতে টাকার ভাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ সড়কের লাগোয়া কক্সবাজার সমুদ্রসৈকতে ঝাউবাগানটি অবস্থিত। বাগানের ১৫-২০টি গাছ কেটে টিনের বেড়া ও ছাউনি দিয়ে সারি সারি দোকান তৈরির কাজ চলছে। কিছু দোকানি এরই মধ্যে শুঁটকি মাছ, শামুক-ঝিনুক ও মুদি দোকান খোলে বসেছেন। চলছে নতুন দোকান তৈরির কাজ।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, ঝাউবাগান দখল করে অপরিকল্পিতভাবে দোকান তৈরি করায় হিমছড়ি পর্যটনকেন্দ্রের সৌন্দর্যের হানি হয়েছে। হুমকির মুখে পড়ছে পরিবেশ।হিমছড়ি হকার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম ফকির দোকান তৈরির সত্যতা স্বীকার করে বলেন, হিমছড়ি ঝরনার আশপাশে বেশকিছু ভাসমান দোকান ছিল। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ওই সব ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঝাউবাগানে দোকানপাট করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে ৮৫টি দোকান তৈরির অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক। কিন্তু আমরা মাত্র ৩০-৩৫টি করেছি।’ দোকান বরাদ্দ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, শুরুতে খরচ বাবদ শুধু ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। সমবায় সমিতির সভাপতি বাহার উল্লাহ বলেন, ওই স্থানে দোকান তৈরির অনুমতি চেয়ে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন হয়েছে কি না, তা তিনি জানেন না।খুনিয়া পালং ইউনিয়ন ভূমি তহশিলদার মো. সেলিম উল্লাহ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ বন বিভাগের হিমছড়ি বিট কর্মকর্তা কামরুল ইসলামও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘দোকানগুলো তৈরির শুরুতে বন বিভাগ বাধা দিয়েছিল। কিন্তু জায়গাটি ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তত্ত্বাবধানে থাকায় আমরা কিছু করতে পারিনি।’রামুর ইউএনও শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে জানান, সমিতির নামে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করলে এ বিষয়ে তাঁর কাছে প্রতিবেদন চাওয়া হয়। তিনি ওই স্থানে নিয়মানুযায়ী কোনো স্থাপনা করা যাবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেন। কিন্তু ব্যবসায়ীরা কোনো অনুমোদন ছাড়াই সেখানে স্থাপনা তৈরি করছেন।