হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকার খাড়া ঝরনায় (রংধনু ঝরনা) গোসলের সময় পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাব্বির আলম রিদুয়ান (২১)।

আজ শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানীর উত্তরা এলাকার নুরুল আলম বাচ্চুর ছেলে।

কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিমছড়ি পাহাড়ের খাড়া ঝরনা স্পটটি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আওতাধীন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, সাগরের নিম্নচাপ থাকায় কক্সবাজারে দুই দিন ধরে টানা ভারী বর্ষণ চলছে। এ কারণে শহরের বিভিন্ন পাহাড়ে ফাটল ধরেছে। ফাটলের কারণে হিমছড়ি পাহাড়ের একটি অংশ ধসে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল চারটার দিকে সাব্বিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় ঝরনা দেখতে যান। একপর্যায়ে তাঁরা হিমছড়ির খাড়া ঝরনায় গোসল করতে নামেন। এ সময় প্রায় ১০০ ফুট উঁচু থেকে আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে সাব্বির মাটিচাপা পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় অন্য বন্ধুরা সাব্বিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় রাহাত নামে সাব্বিরের আরেক সহপাঠী আহত হয়েছেন।

নিহত সাব্বিরের বন্ধু তানভীর আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া সাত বন্ধু মিলে তাঁরা গতকাল শুক্রবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। আজ বিকেলে তাঁরা হিমছড়ি এলাকায় পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে সেখানে গোসলে নামেন। এ সময় বৃষ্টি ছিল না। তারপরও উঁচু পাহাড়ধসে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহত সাব্বিরের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে।