হিমশিম বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
নির্বাচন

মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হতাশা কাটাতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। নির্বাচনে অংশ নিয়েই স্থানীয় নেতাদের মনোনয়নপত্র কেনার হিড়িক পড়ে যায়।
প্রথম দফায় ৯৭টি উপজেলায় শুধু চেয়ারম্যান পদেই মনোনয়নপত্র কিনেছেন বিএনপির ২৪৩ জন নেতা। ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন বিএনপির স্থানীয় নেতারা। এখন উপজেলাগুলোতে একক প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে বিএনপিকে। তবে দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সবাই না হলেও বেশ কিছু প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করবেন।
তবে দলীয় অন্তর্কোন্দলের চাইতেও বিএনপির মাথাব্যথার কারণ প্রধান রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। কেননা, ইতিমধ্যে ৩৩টি উপজেলায় জামায়াতের ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৯৭ উপজেলার মধ্যে ২৭টিতে বিএনপির একজন করে প্রার্থী আছেন। বাকিগুলোতে দুজন থেকে সর্বোচ্চ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাজী জাফর আহমদের জোটে যোগদান উপলক্ষে গত মাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯-দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে উপস্থিত জোটের শরিক দলের একজন শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, উপজেলা নির্বাচনে জোটের প্রার্থীদের জয়ী করতে খালেদা জিয়া একক প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয়ভাবে এই নির্বাচনে প্রার্থী দেওয়া হয় না। তবে বিএনপির যেসব নেতা নির্বাচন করছেন, তাঁরা জিতে আসুক সেটাই চান তাঁরা।
বিএনপি এই স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে। নির্বাচনের কর্মকাণ্ড দেখভালের জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। উপজেলা নির্বাচনের সময় দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত আছে দলটির।
সমঝোতার চেষ্টা: একক প্রার্থী দেওয়ার ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতারা ফোনে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন। কোথাও কোথাও সফল হয়েছেন। নেত্রকোনোর কেন্দুয়ায় বিএনপির তিনজন প্রার্থী, দুজন প্রত্যাহারে সম্মত হয়েছেন। নরসিংদীর পলাশে বিএনপির সাতজন প্রার্থী হয়েছেন। এখনো সেখানে সমঝোতা হয়নি। জামায়াতের সঙ্গেও এখন পর্যন্ত সেভাবে সমঝোতা হয়নি। অন্তত ৪০টি উপজেলায় তিন থেকে সাতজন পর্যন্ত প্রার্থী আছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও প্রার্থীদের স্থানীয় রাজনৈতিক আধিপত্য কাজ করে। এ জন্য প্রার্থীর সংখ্যা বেড়ে যায়। বিএনপি কাউকে নির্বাচনে বাধা দিচ্ছে না। তবে জয়ের জন্য স্থানীয় নেতাদের যেকোনো ত্যাগ স্বীকার করতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে যেসব উপজেলায় গতবার বিএনপির চেয়ারম্যান ছিল, সেসব উপজেলায় তাদেরই প্রার্থী রাখার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান স্থানীয় নেতাদের এমন কথাই জানিয়েছেন। সেখানকার বিএনপির এক নেতা জানিয়েছেন, এটা দলের অনেক নেতাই মানতে পারছেন না। কেননা আগের চেয়ারম্যানদের অধিকাংশই নানা কারণে বিতর্কিত হয়ে পড়েছেন।
৩৩ উপজেলায় বিএনপি-জামায়াত মুখোমুখি: জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে অনেক আগেই। জাতীয় সংসদ নির্বাচনে তাই দলটির আর অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় সরকার নির্বাচনে মাঠ দখলে রাখতে মরিয়া দলটি। জয়ের ন্যূনতম সম্ভাবনা আছে এমন উপজেলায় প্রার্থী দিয়েছে তারা। এর মধ্যে বগুড়ার শেরপুর ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দলটির দুজন করে প্রার্থী আছেন। নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপির কোনো প্রার্থী না থাকায় ১৯-দলীয় জোটের একক প্রার্থী হলেন স্থানীয় জামায়াতের এক নেতা।
২৭ উপজেলায় বিএনপির একক প্রার্থী: এখন পর্যন্ত ২৭টি উপজেলায় বিএনপির একজন করে প্রার্থী আছেন। এগুলো হলো সিলেটের গোয়াইনঘাট, পঞ্চগড় সদর, রাজবাড়ী সদর, পাংশা, মানিকগঞ্জের সাটুরিয়া, পাবনার আটঘরিয়া, সিরাজগঞ্জ সদর, শরীয়তপুরের ডামুড্যা, ভেদরগঞ্জ, জাজিরা, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, বগুড়ার দুপচাঁচিয়া, কুড়িগ্রামের উলিপুর, মাদারীপুরের কালকিনি, সিলেটের বিশ্বনাথ, হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর, খাগড়াছড়ির সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি, নরসিংদীর পলাশ, রংপুরের তারাগঞ্জ, কুড়িগ্রামের ফুলবাড়ী, মেহেরপুর সদর ও গাইবান্ধার সাঘাটা।
তবে এসব উপজেলার নয়টিতে অবশ্য জামায়াতের প্রার্থী রয়েছেন। সেই হিসাবে ১৮টিতে জোটের একক প্রার্থী রয়েছেন।