হিমশীতল মেঝেতে রোগমুক্তির অপেক্ষা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের মেডিসিন, গাইনি ও প্রসূতি এবং শিশু ও নবজাতক বিভাগের মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ধারণক্ষমতার তিন-চারগুণ রোগী ভর্তি হচ্ছে প্রতিদিন। প্রতি ওয়ার্ডেই দুটি বিছানার ফাঁকে মেঝেতে কম্বল বিছিয়ে তিন-চারজন রোগীকে চিকিত্সা নিতে দেখা গেছে। ৮০০ শয্যার হাসপাতালে গড়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার রোগী সামাল দিতে কর্তব্যরত চিকিত্সক ও সেবিকারা হিমশিম খাচ্ছেন।২০ জানুয়ারি দুপুরে হাসপাতালের মেডিসিন, গাইনি ও প্রসূতি এবং শিশু ও নবজাতক বিভাগে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের মতো এসব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের মেঝেজুড়ে রোগীদের বিছানা। অভিভাবক ও ফেরিওয়ালাদের ভিড়ে এরই মাঝে অস্ত্রোপচার করা রোগী ও নবজাতকদের স্যালাইন-রক্ত ও সেবা দিতে ব্যস্ত চিকিত্সক ও সেবিকারা।ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সফুরা খাতুনের (৫৫) অস্ত্রোপচার হয়েছে। গাইনি ও প্রসূতি বিভাগের মেঝেতে ঠাঁই পেয়েছেন। তিনি বলেন, ‘শীতে প্রায় এক মাস ধইরা মেঝেতে আছি। আমার মানুষ নাই, জন নাই; কেডা আমার অইয়া (হয়ে) কয়? সিট খালি অইলেও পাই না।’ এ বিভাগের রোগীর ধারণক্ষমতা ২৪ হলেও ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত ভর্তি ছিল ৭৩ জন। ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিত্সক শাহ আলম আক্ষেপ করে বলেন, ‘নোংরা পরিবেশের কারণে আমাদের চিকিত্সকদের টয়লেটটিই তালাবদ্ধ। সেখানে রোগীদের টয়লেটের দুরবস্থার কথা বলে আর কী হবে! আর ফেরিওয়ালার বিষয়ে হাসপাতালের পরিচালকই ভালো বলতে পারবেন।’মেডিসিন বিভাগের ১২ নম্বর ওয়ার্ডে দুই সারি বিছানার মাঝপথে বিছানা পেতে গত রোববার থেকে চিকিত্সা নিচ্ছেন নান্দাইল উপজেলার লঙ্গারপাড়ার বৃদ্ধা মুর্শিদা খাতুন (৭০)। তাঁর শ্বাসকষ্টের সমস্যা। তাঁর মেয়ের স্বামী হযরত আলী বলেন, ‘দুই বিছানার মাঝে জায়গা না পাইয়্যা এখানে বিছানা পাতছি।’ এ ওয়ার্ডের সেবিকা রোবেয়া আক্তার বলেন, ‘একটি কম্বল বিছিয়ে চারজনকে থাকতে দিয়েছি। আর এ ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি করার কথা থাকলেও আজ দুপুর পর্যন্ত ভর্তি আছে ৮৬ জন।’হাসপাতালের শিশু বিভাগে ক্যানসারে আক্রান্ত মেয়ে হীরামণিকে (৭) নিয়ে এসেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষক সোরহাব মিয়া। গত সোমবার থেকে মেঝেতে বিছানা পেতে আরও তিন শিশুসহ সপরিবারে আছেন তিনি। এ ওয়ার্ডের সেবিকা আফরোজা খাতুন বলেন, ‘২৪ জনের স্থলে আজ ৭১ জন রোগী ওয়ার্ডে ভর্তি আছে।’নবজাতক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘এ ওয়ার্ডে ডায়রিয়ার রোগীদের বারান্দায় থাকার ব্যবস্থা করা হয়েছে। অথচ ডায়রিয়ার রোগীদের প্রচুর গরম প্রয়োজন। উল্টো স্থান না থাকায় যখন তাদের বারান্দার মেঝেতে থাকতে দেওয়া হয়, তখন সত্যি খারাপ লাগে।’নবজাতক ও শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন বলেন, ৫০০ শয্যার এ হাসপাতালটি ৮০০ শয্যায় উন্নীত করা হলেও আগের জনবল দিয়েই হাসপাতালের কার্যক্রম চলছে। গড়ে প্রতিদিন এক হাজার ৮০০ থেকে দুই হাজার রোগী হাসপাতালে ভর্তি থাকে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মং টেং উইন বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা ভেদ করে ফেরিওয়ালারা ভেতরে যে কীভাবে আসে, তা বুঝি না। আর নোংরা পরিবেশের পরিবর্তন করতে চেষ্টা করছি।’