বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের ভয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাষি ও ব্যবসায়ীরা হিমাগারে রাখা আলু তুলছেন না। যাঁরা বাধ্য হয়ে হিমাগার থেকে আলু বের করে আনছেন, তাঁরা লোকসান দিচ্ছেন।ভাকুড়া গ্রামের আলুচাষি ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘আমি একটু লাভের আশায় চৈত্র মাসে ঠাকুরগাঁওয়ের হিমাদ্রী হিমাগারে এক হাজার বস্তা আলু রেখেছি। হিমাগারের ভাড়া দিয়ে আলু ছাড় করে বাজারে বিক্রি করতে গেলে সব খরচ মিলিয়ে বস্তাপ্রতি (৮৪ কেজি) আমার লোকসান হচ্ছে ৫০০ টাকা।’ রঘুনাথপুর মহল্লার জিয়াউল ইসলাম এবার ডায়মন্ড জাতের দুই হাজার ২০০ বস্তা আলু হিমাগারে রেখেছেন। তিনি বলেন, ‘এবার আলু রেখে ফেঁসে গেছি। আমার কমপক্ষে সাত লাখ টাকা লোকসান হচ্ছে। প্রতি কেজি আলুর দাম ১৪-১৫ টাকা হলে পুঁজিটা উঠে আসত, কিন্তু সেই সম্ভাবনা নেই।’একই ধরনের সমস্যার কথা জানান রঘুনাথপুরের আলু ব্যবসায়ী মিজানুর রহমান, সাটিয়া গ্রামের জয়নাল আবেদীনসহ আরও ১০ জন। এসব চাষি ও ব্যবসায়ী ২০০ থেকে দুই হাজার ২০০ বস্তা পর্যন্ত আলু হিমাগারে রেখেছেন। চাষি ও ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ীরা এবারের ফাল্গুন-চৈত্র মাসে ৯ থেকে ১০ টাকা কেজি দরে আলু কিনে বিভিন্ন হিমাগারে রাখেন। চাষিরাও তাঁদের খেতে উৎপাদন করে ডায়মন্ড, গ্রানুলা ও কার্ডিনাল জাতের আলু হিমাগারে রাখেন। প্রতি বস্তায় ৩৫০ টাকা হিমাগার ভাড়া দিতে হয়। ব্যবসায়ীদের প্রতি বস্তা আলু হিমাগার থেকে বের করে আনা পর্যন্ত খরচ হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা। আর চাষিদের খরচ হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা। সব মিলিয়ে প্রতি কেজি আলুতে ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সা খরচ পড়েছে। এখন বাজারে ওই আলুর দাম নয় থেকে সাড়ে নয় টাকা। আর গ্রানুলা জাতের আলুর কোনো চাহিদাই নেই। এ কারণে প্রতি বস্তা আলুতে চাষিদের ২০০ থেকে ২৫০ আর ব্যবসায়ীদের ৫০০ থেকে ৫৫০ টাকা লোকসান হচ্ছে।গত বৃহস্পতিবার হিমাদ্রী হিমাগারের ব্যবস্থাপক এনামুল হক বলেন, চাষি এবং ব্যবসায়ীরা এবার হিমাগার থেকে তেমন একটা আলু তুলছেন না। এক লাখ ৬২ হাজার বস্তা ধারণক্ষমতার এই হিমাগার থেকে এ পর্যন্ত ২৪ হাজার বস্তা আলু বের করা হয়েছে। অথচ গত বছর একই সময়ে ৪০-৪৫ হাজার বস্তা আলু বের করা হয়েছিল।উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এবারের আলুর মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ১০ হাজার ৫০০ চাষি দুই হাজার ২০০ হেক্টর জমিতে আলুর আবাদ করেন। তাঁদের মধ্যে চাষি পর্যায়ে ও বাণিজ্যিকভাবে গ্রানুলা, ডায়মন্ড ও কার্ডিনাল জাতের আলুর আবাদ বেশি হয়েছে। হেক্টরপ্রতি ১৮ থেকে ২০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে।