মানিকগঞ্জে কাঁচা মরিচের ব্যাপক চাষ হয়। তবে হিমাগার না থাকায় লোকসানে মরিচ বিক্রি করতে হচ্ছে চাষিদের। এতে চাষিদের কেউ কেউ মরিচের আবাদ কমিয়ে দিচ্ছেন। সংরক্ষণের জন্য সরকারি বা বেসরকারিভাবে হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন মরিচচাষিরা।
শিবালয়ের বরঙ্গাইল বাজার মানিকগঞ্জ জেলার মরিচের সবচেয়ে বড় পাইকারি মোকাম। এ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, মানে ও স্বাদে ভালো হওয়ায় এ জেলার মরিচের কদরও বেশি। চাষিরা নিয়মিত শতাধিক টন মরিচ বিক্রির জন্য এ বাজারে আনেন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ মরিচ মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি হয়।
গত মঙ্গলবার বরঙ্গাইল বাজারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চাষিরা সাইকেল, রিকশা-ভ্যান, ঘোড়ার গাড়ি ও টেম্পোতে করে কাঁচা মরিচ বাজারে নিয়ে আসছেন। পাইকারি ব্যবসায়ীরা দর-কষাকষির পর মরিচ কিনে পিকআপ ও ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন। এ সময় মরিচ রপ্তারিকারক কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মরিচ প্যাকেটজাত করতে দেখা যায়। এমনই একটি প্রতিষ্ঠান এ এইচ ট্রেড ইন্টারন্যাশনাল। এর প্রতিনিধি নাজমুল হাসান বলেন, কুয়েতে রপ্তানির জন্য প্রতি কেজি ১০ টাকা দরে আড়াই টন মরিচ কিনেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মরিচের চাষ হয়ে থাকে। তবে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়। এ বছর জেলায় মরিচের আবাদ ও উৎপাদন—দুটোই কমেছে। গত বছর ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আবাদ হলেও এবার ৪ হাজার ৬৩৬ হেক্টর জমিতে মরিচের চাষ হয়। গত বছর ১০ হাজার ৮০৩ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩২৫ মেট্রিক টন। এ জেলায় সাধারণত ‘বিন্দু’ ও ‘সাইট্টা’ জাতের মরিচের আবাদ করা হয়ে থাকে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করতে ১ হাজার, চারা কিনতে ১ হাজার ৫০০, চারা রোপণের জন্য ২ হাজার, সেচ বাবদ ১ হাজার এবং সার ও কীটনাশকের জন্য ১ হাজার টাকা খরচ হয়। সেই হিসেবে প্রতি বিঘায় ৬ হাজার ৫০০ টাকা খরচ হয়। এ ছাড়া প্রতি মণ মরিচ তুলতে ২০০ টাকা শ্রমিক খরচ হয়। প্রতি বিঘায় ১৫-১৮ মণ মরিচ উৎপাদিত হয়ে থাকে। ১০ টাকা কেজি দরে এক বিঘা জমির মরিচের দাম ৬ হাজার থেকে ৭ হাজার ২০০ টাকা। এ হিসেবে প্রতি বিঘায় দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে।
শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের কাউয়ার বিল গ্রামের চাষি সুবল চন্দ্র ঘোষ বলেন, নিয়মিত মরিচ না তুললে গাছ ধীরে ধীরে মরে যায়। এ কারণে লোকসান হলেও গাছ থেকে মরিচ তুলে বিক্রি করতে হচ্ছে। হিমাগার থাকলে সংরক্ষণ করে মরিচ ভালো দামে বিক্রি করা যেত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ জেলায় মরিচের উৎপাদন ভালো হলেও এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এখানে হিমাগার নির্মাণ করা হলে চাষিরা সারা বছরই মরিচ রেখে বিক্রি করতে পারতেন।
জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, মরিচ উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কমে গেছে। তবে হিমাগার থাকলে সারা বছরই সেখানে মরিচ রেখে চাষিরা মরিচ বিক্রি করতে পারতেন। এতে
তাঁরা লাভবান হতেন। চাষিদের সুবিধার্থে সরকারি বা বেসরকারিভাবে হিমাগার নির্মাণের জন্য ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে লিখিতভাবে
জানানো হয়েছে।