হিমাগার নেই, নষ্ট হচ্ছে সবজি
নেত্রকোনায় প্রতিবছর ২ লাখ মেট্রিক টনের বেশি সবজি উৎপাদন হয়। কিন্তু হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে এর এক-চতুর্থাংশই নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে কৃষকেরা এখানে হিমাগার স্থাপনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তা আর হচ্ছে না।
কৃষকেরা বলছেন, হিমাগার না থাকায় সবজি নষ্ট হওয়ার পাশাপাশি কম দামে বিক্রি করে দিতে হচ্ছে। এ কারণে তাঁরা ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে সারা বছর বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাইরে থেকে তা আনতে হচ্ছে। ফলে ক্রেতাকেও বেশি টাকা গুনতে হচ্ছে।
জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বছর রবি ও গ্রীষ্ম মৌসুমে নেত্রকোনায় আলু ছাড়া ১ লাখ ৯৪ হাজার ৩২৮ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। আলু উৎপাদন হয় ৩৫ হাজার ৭৩৫ মেট্রিক টন। এ বছর রবি মৌসুমে ৮ হাজার হেক্টর জমিতে আলুসহ সবজির চাষ হয়। আলুসহ এ পর্যন্ত উৎপন্ন হয়েছে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সবজি। মাঠে আরও সবজি রয়েছে। এ ছাড়া গ্রীষ্ম মৌসুমে আরও ৩ হাজার হেক্টর জমিতে শিম, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, লালশাক, পালংশাক, বরবটি, গাজর, করলা, শসা, ক্ষীরা, ধনে, চালকুমড়া, ঝিঙে, পটোলসহ নানা সবজি উৎপাদন হবে। প্রতি হেক্টরে এসব সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ টন। সব মিলিয়ে প্রতিবছর জেলার ১০টি উপজেলায় ২ লাখ মেট্রিক টনের বেশি সবজি উৎপাদিত হয়। কিন্তু একটি হিমাগার না থাকায় উৎপাদিত এসব সবজি সংরক্ষণ করা যাচ্ছে না।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিলাস চন্দ্র পাল বলেন, জেলায় একটি হিমাগার স্থাপনের বিষয়ে সম্প্রতি জেলা প্রশাসন আয়োজিত সভায় মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের উপস্থিতিতে বিভিন্ন ফোরামে কথা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিগগিরই লিখিত আবেদন করা হবে।
পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামের আলুচাষি আক্কাস আলী আকন্দ বলেন, ‘চলতি মৌসুমে ২০ কাঠা (২০০ শতক) জমিতে আলুর চাষ করেছি। ৪০০ মণের মতো আলু পেয়েছি। কিন্তু এগুলো সংরক্ষণের সুযোগ না থাকায় ৮-১০ টাকা পাইকারি দামে জমিতেই বিক্রি করতে হয়েছে।’
কলমাকান্দা উপজেলার সামপুর গ্রামের মন্নাফ আলী বলেন, তিনি সবজির চাষ করেই ছেলেমেয়ের লেখাপড়াসহ ৮ সদস্যের সংসার চালান। এলাকায় এবার সবজির বাম্পার ফলনও হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় উৎপাদিত সবজি সংরক্ষণ করা যাচ্ছে না।
আটপাড়া উপজেলার খিলা গ্রামের আলুচাষি ইকবাল হাসান বলেন, আলু তুলে বেশি দিন রাখা যায় না। ফলন ভালো হলেও এবার ন্যায্যমূল্য পাচ্ছেন না তাঁরা। সংরক্ষণ করতে না পারায় উৎপাদিত আলুর ২৫ ভাগ নষ্ট হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ মজুমদার বলেন, একটি হিমাগার হলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকেরাও উপকৃত হতেন। তবে চাষিরা চাইলে ৩ মিটার উঁচু ও ৫ থেকে ১০ মিটার ব্যাসের মাচা নির্মাণ করে আলু সংরক্ষণ করতে পারেন। খড় ও বাঁশ দিয়ে এই ঘর নির্মাণ করতে হবে। এই মাপের একটি ঘরে চার মাস পর্যন্ত দেড় শ মণ আলু সংরক্ষণ করা যায়।
জেলায় একটি হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে গত ২৪ জানুয়ারি নেত্রকোনা কৃষক সমাজের পক্ষে জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার কৃষিমন্ত্রীর বরাবর লিখিত আবেদন করেছেন। এতে স্থানীয় সাংসদ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছবি বিশ্বাসের সুপারিশ রয়েছে।
কেশব রঞ্জন সরকার বলেন, ‘এ জেলায় প্রায় ৮০ ভাগ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। এখানে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সবজির চাষ করা হয়। হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় উৎপাদন হওয়া এই সবজি কম দামে বিক্রি করে দিতে হয়। মৌসুমে শুধু সংরক্ষণের অভাবে প্রায় ৩ কোটি টাকার সবজি পচে নষ্ট হচ্ছে। একটি হিমাগার স্থাপন করা হলে এই জেলাসহ পাশের সুনামগঞ্জের ধরমপাশা, মধ্যনগর, তাহেরপুর ও জামালগঞ্জের কৃষকেরা উপকৃত হবেন।’
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ ছবি বিশ্বাস প্রথম আলোকে গতকাল বুধবার বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে। অতি অল্প সময়ের মধ্যে এই জেলায় সরকারিভাবে একটি হিমাগার স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত এর সমাধান মিলবে।