হিমাগারে আলু নেওয়া বন্ধ, আরেক দফা দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১০ দিনের মধ্যে আলুর দর প্রতি মণে ১০০ টাকা থেকে ১১০ টাকা কমে গেছে। উপজেলার হিমাগারগুলোতে আলু নেওয়া বন্ধ ঘোষণার পর এই দরপতন হয়েছে বলে আলু ব্যবসায়ীরা জানিয়েছেন। আলুপ্রধান এলাকা হিসেবে পরিচিত এ উপজেলার ১২টি হিমাগারই আলু রাখা বন্ধ করে দিয়েছে গত ৩০ এপ্রিল। হিমাগারের মালিকেরা আলু সংরক্ষণ বন্ধ করে দেওয়ার পর থেকে হাটে আলু নিয়ে চাষিদের বিপাকে পড়তে হয়েছে। স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলার ১৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রকৃতপক্ষে প্রায় ২০ হাজার হেক্টরে চাষ করে প্রায় চার লাখ ৪০ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী উপজেলার ১২টি হিমাগারে ৮৯ হাজার ৬০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। বাকি আলুর বেশির ভাগই চাষিদের বাড়িতে রয়েছে। জানা গেছে, উপজেলার হাটগুলোতে দেশি পাকড়ি জাতের আলু ৩০০ টাকা থেকে ৩২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অথচ ১০ দিন আগেই এই আলু ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। গ্রানুলা আলু (সাদা) ১২০ টাকা থেকে ১৪০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ১০ দিন আগে এটা ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে।উপজেলার সোনাদেউল গ্রামের চাষি আকবর আলী (৪০) বলেন, ‘আট বচর ধর‌্যা আলুর আবাদ করিচ্চি। ইংকা বিপদে আগে কখনো পড়িনি। হাটোত যাইয়া দাম না পাইয়া আলু লিয়া বাড়িত ফেরত আসতে হচ্ছে।’ মহাস্থানহাটে আলু বিক্রি করতে এসেছিলেন রামকান্দি গ্রামের জালাল উদ্দিন (৫০)। তিনি জানান, দীর্ঘক্ষণ বসে থেকেও তিনি ভালো দাম পাননি। শেষে ৩০০ টাকা মণ দরে পাঁচ মণ আলু বিক্রি করতে পেরেছেন। অথচ ১০ দিন আগে তিনি একই হাটে ৪৩০ টাকা মণ দরে এ আলু বিক্রি করে গেছেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, অন্যান্য সবজির দামও কম। পাশাপাশি হিমাগারগুলোতে আলু নেওয়া বন্ধ হওয়ায় আলুর দাম পড়ে গেছে।