হিমাগারে আলু রেখে লোকসানের মুখে চাষি ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাটের কালাইয়ে দুই সপ্তাহে আলুর দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমেছে। লাভের আশায় হিমাগারে আলু রেখে এ অবস্থায় লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।আলু তোলার জন্য নোটিশ দিয়ে এবং এলাকায় মাইকিং করেও কৃষক-ব্যবসায়ীদের সাড়া পাচ্ছেন না হিমাগারের মালিকেরা। কৃষক ও হিমাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বগুড়া ও কালাইয়ের ৩৮টি হিমাগারে এবার প্রায় ৩৫ লাখ বস্তা আলু রেখেছেন কৃষক ও ব্যবসায়ীরা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া কার্যালয় সূত্র জানায়, জেলার ২৯টি হিমাগারে ধারণক্ষমতা দুই লাখ মেট্রিক টন। বাম্পার ফলন হওয়ায় এবার এসব হিমাগারে ধারণক্ষমতার অনেক বেশি আলু রাখা হয়েছে। আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগেও বাজার চাঙা থাকায় হিমাগারে রাখা আলু বিক্রি করে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা লাভ হয়েছে। কিন্তু এখন আলু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বেশি দরপতন ঘটেছে গ্যানুলা জাতের সাদা আলুর।সূত্র আরও জানায়, দুই সপ্তাহ আগেও প্রতি বস্তা (৮৪ কেজি) গ্যানুলা আলু এক হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮২০ টাকায়। একই ভাবে এক হাজার ৭৫০ টাকা দরের ডায়মন্ড আলু এখন এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০, এক হাজার ৬০০ টাকার কার্ডিনাল আলু এক হাজার ২০০, এক হাজার ৭০০ টাকার দেশি গুটি পাকড়ি জাতের আলু এক হাজার ৩০০, এক হাজার ৬০০ টাকার অ্যাশটরিক (স্টিক) জাতের আলু এক হাজার ৪০০ এবং এক হাজার ৬০০ টাকার রোমানা জাতের আলু এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ক্রেতাও কমে গেছে।ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের আলুর দাম গড়ে ৩০০ টাকা কমে গেছে। এ অবস্থায় হিমাগারে রাখা আলু বিক্রি করে পুঁজিও উঠছে না। আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম ভান্ডারী জানান, পাঁচ হাজার বস্তা আলুতে তাঁর লোকসান গুনতে হচ্ছে ১৫ লাখ টাকা।শাহ্ সুলতান হিমাগার গ্রুপের চেয়ারম্যান আবদুল গফুর জানান, হিমাগারে আলু রাখার শর্তে এবার কৃষক-ব্যবসায়ীদের বিপুল অঙ্কের টাকা ঋণ দেওয়া আছে। কিন্তু বাজার মন্দার কারণে কৃষক-ব্যবসায়ীরা আলু তুলতে হিমাগারে আসছেন না। এ অবস্থায় হিমাগার ভাড়ার পাশাপাশি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম বজলুর রশীদ জানান, বাজারে শীতের সবজি উঠতে শুরু করায় আলুর দাম কিছুটা পড়ে গেছে। সবজির সরবরাহ কমে গেলে আবার আলুর দাম বাড়ার সম্ভবনা রয়েছে।কালাই উপজেলার ১০টি হিমাগারে এবার প্রায় ১০ লাখ বস্তা আলু রাখা হয়েছে। বাজার মন্দার কারণে বেশির ভাগ আলু এখনো হিমাগারে পড়ে আছে।পুনট কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক বিপ্লব ঘোষ জানান, অন্য মৌসুমে এ সময় হিমাগার থেকে আলু বের করে দিতে শ্রমিকদের রীতিমতো হিমশিম খেতে হতো। অথচ এবারে কৃষক-ব্যবসায়ীরা আলু তুলতে আসছেন না। নোটিশ দিয়ে এবং মাইকিং করেও সাড়া মিলছে না তাঁদের। বাজার চাঙা না হলে এবার বিপুল পরিমাণ আলু হিমাগারেই পড়ে থাকার আশঙ্কা রয়েছে।