দেশে গত শনিবারের নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুন্সিগঞ্জে হিমাগারে সংরক্ষিত আলুবীজের ক্ষতি হতে পারে। এ কারণে ফলনে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
স্থানীয় অনেকে জানান, শনিবার মুন্সিগঞ্জে বেলা ১১টা থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জে এ বছর ৩৮ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ জমির জন্য আলুবীজের প্রয়োজন ৭০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৪৫-৫০ হাজার মেট্রিক টন আলুবীজ মুন্সিগঞ্জের হিমাগার থেকে সংগ্রহ করেন কৃষকেরা।
হিমাগার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মোট ৭১টি হিমাগারের মধ্যে বর্তমানে ৬৭টি সচল রয়েছে। হিমাগারগুলোতে এখনো গত বছরের আলুর প্রায় ৩০ ভাগ সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ১০ ভাগই কৃষকের বীজ আলু।
সদর উপজেলার রনছ এলাকার আলুচাষি তালাদ মাহমুদ জানান, জ্বালানি তেলের খরচ কমাতে হিমাগারের মালিকেরা এমনিতেই হিমাগারের জেনারেটর বন্ধ রাখার সুযোগ খোঁজেন। এ ছাড়া জেলার অনেক হিমাগারে জেনারেটর নেই। এ অবস্থায় শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে সংরক্ষিত আলুবীজের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া এলাকার চাষি বোরহান উদ্দিন জানান, হিমাগারে বীজ আলুর জন্য আলাদা তাপ নিয়ন্ত্রণ করতে হয়। এর মধ্যে টানা বিদ্যুৎ না থাকায় হিমাগার মালিকেরা সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে বীজ আলুর মান নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা বীজ ডিলার সমিতির সভাপতি মো. মোবারক আলী দেওয়ান প্রথম আলোকে বলেন, হিমাগারের মালিকেরা জেনারেটর চালু করতে চান না। আবার অনেক হিমাগারে জেনারেটরও নেই। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কিছু বীজ আলু নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বীজের মান খারাপ হলে ফলনে এর প্রভাব পড়তে পারে।
তবে কৃষকদের এ আশঙ্কার সঙ্গে একমত নন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল আজিজ। তিনি বলেন, টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে বীজের মান নষ্ট হওয়ার আশঙ্কা কম। এখন ঠিকমতো তাপ দিলে সমস্যা হবে না।