হিমাগারে কোটি টাকার আলু নষ্ট
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় আর ভরসা হিমাগারে পচে ও চারা গজিয়ে প্রায় এক কোটি টাকার আলু নষ্ট হয়েছে। ফলে লাভের আশায় হিমাগারে আলু রেখে কৃষক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাঁদের মোটা অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে। গত শনিবার বিকেলে হিমাগারে গিয়ে দেখা গেছে, হিমাগার চত্বরে পচা ও গজানো আলু যত্রতত্র পড়ে আছে। পচা আলু গরুকে খাওয়ানো হচ্ছে। হিমাগারের বারান্দায় গজানো আলু পরিষ্কার করছেন শ্রমিকেরা। কার্যালয়ের সামনে কৃষক ও ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়। অনেকে আলু নিতে সকাল থেকেই অপেক্ষা করছেন। ভিড় এড়িয়ে হিমাগার কার্যালয়ে গিয়ে জানা গেল, এবার হিমাগারে ৯৫ হাজার বস্তা আলু রাখা হয়। এর মধ্যে কৃষক ও ব্যবসায়ীরা ২২ অক্টোবর পর্যন্ত ৩৭ হাজার বস্তা ফেরত নেন। ফেরত নেওয়া আলুর শতকরা ৪০ ভাগ পচে গেছে ও চারা গজিয়েছে বলে কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন। এ হিসাবে ১৪ হাজার ৮০০ বস্তা আলু নষ্ট হয়েছে। বর্তমান বাজারে ৮৪ কেজির প্রতি বস্তা ৬৭০ টাকা হিসেবে যার মোট মূল্য ৯৯ লাখ ১৬ হাজার টাকা। হিমাগারে থাকা অবশিষ্ট ৫৮ হাজার বস্তার এক-চতুর্থাংশের বেশি পচে ও চারা গজিয়ে থাকতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। অবশ্য হিমাগারের স্টোরকিপার শফিকুল ইসলাম ফেরত নেওয়া আলুর শতকরা ২০ ভাগ নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, ভেতরের আলু কিছু নষ্ট হতে পারে। এদিকে হিমাগারে আলু নিতে আসা সাদুল্যাপুর উপজেলার বকশীগঞ্জ গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমি হিমাগারে ২০ বস্তা আলু রেখেছিলাম। এর মধ্যে তিন বস্তা পচে গেছে ও দুই বস্তায় চারা গজিয়েছে। প্রতি মাসে চারবার বস্তা উল্টে রাখার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ শ্রমিক-খরচ বাঁচাতে তা করেননি। তাই এ অবস্থা হয়েছে। ধাপেরহাট গ্রামের আলু ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘হিমাগারে রাখা আমার এক হাজার ৩১৮ বস্তা আলুর মধ্যে ২০০ বস্তা পচে গেছে ও ৪০০ বস্তায় চারা গজিয়েছে।’ আর ভরসা হিমাগারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, লোডশেডিংয়ের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া আলু তোলার মৌসুমে হিমাগারের সামনে দীর্ঘদিন আলু পড়ে থাকে। ফলে বৃষ্টিতে ভিজে আলুর গুণগত মান নষ্ট হয়। এ জন্য আলু নষ্ট হতে পারে।