হিমাগারে ডাকাতি ১৫ লাখ টাকা লুট
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে অবস্থিত একটি হিমাগারে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা হিমাগার থেকে ১৫ লাখ টাকা লুট করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হিমাগারের ব্যবস্থাপক লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে।হিমাগারের নিরাপত্তাপ্রহরী মোকছেদ আলী জানান, শনিবার গভীর রাতে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাতের দল প্রাচীর টপকে হিমাগারের ভেতরে ঢুকে দায়িত্বরত দুজন নিরাপত্তাপ্রহরীকে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা হিমাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে আরও দুজন নিরাপত্তাপ্রহরীকে বেঁধে ফেলে। ঘটনাটি জানতে পেরে হিমাগারের ব্যবস্থাপক লিমন শৌচাগারের পাইপ দিয়ে নিচে নেমে পালিয়ে যান। পরে লোকজন আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ রাতেই হিমাগারের ব্যবস্থাপককে আটক করে থানায় নিয়ে যায়। ডাকাতেরা হিমাগার থেকে ১৫ লাখ টাকা লুট করেছে বলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা জানান।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান দাবি করেন, হিমাগারের ব্যবস্থাপক লিমন ১৫ লাখ টাকার হিসাব গরমিল করেছেন। ওই টাকার দায় এড়াতে তিনি এই ডাকাতির নাটক সাজিয়েছেন। লিমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।