হিমাগারে রাখা আলুতে পচন কৃষকেরা বিপাকে
শেরপুর জেলা শহরের নওহাটায় বিসিক শিল্পনগরে অবস্থিত বেসরকারি একটি হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলায় কয়েক শ বস্তা আলু পচে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষকেরা অভিযোগ করেন, সাড়ে ১২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন তাজ হিমাগারে চলতি মৌসুমে এক লাখ ২০ হাজার বস্তা (প্রায় ১০ হাজার মেট্রিক টন) আলু সংরক্ষণ করা হয়। কিন্তু আলু সংরক্ষণের জন্য হিমাগারে নির্দিষ্ট মানের তাপমাত্রা না রাখা ও খরচ বাঁচানোর জন্য ঈদের সময় বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়াসহ হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলার কারণে আলু নষ্ট হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে তাজ কোল্ড স্টোরেজ নামের ওই হিমাগারে গিয়ে দেখা গেছে, হিমাগারের সামনের মাটিতে প্রচুর পরিমাণে পচা আলু ফেলে রাখা হয়েছে। সেখানে একটি ট্রলিতে ২০ বস্তা আলুর মধ্যে পাঁচ বস্তা পচা আলু রয়েছে।
শেরপুর সদর উপজেলার ঝাউয়েরচর গ্রামের আলুচাষি মো. আবদুল কুদ্দুছ (৪০) জানান, তিনি ওই হিমাগারে ৪০ বস্তা (প্রায় সাড়ে তিন মেট্রিক টন) গ্রানুলা জাতের আলুবীজ সংরক্ষণের জন্য জমা রাখেন। কিন্তু ১২ অক্টোবর হিমাগার থেকে ওই আলু বের করার পর দেখা যায়, সেগুলো পচে গেছে।
তাজ হিমাগারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, কৃষকদের অভিযোগ সঠিক নয়। কখনোই হিমাগারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি।