হিমাগারের আগাম স্লিপ কালোবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ও জয়পুরহাটের কালাই উপজেলায় হিমাগার মালিকদের বিরুদ্ধে আলু সংরক্ষণের আগাম স্লিপ কালোবাজারি ও দালালদের কাছে বিক্রি করে অধিক মুনাফা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় কৃষকদের আশঙ্কা, সংরক্ষণের অভাবে তাঁদের কম দামে আলু বিক্রি করে দিতে হবে। পাশাপাশি বীজ আলু সংরক্ষণ করতে না পারলে আগামী মৌসুমে আলুর আবাদ আশঙ্কাজনক হারে কমবে।ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হিমাগার ঘুরে দেখা গেছে, জেলার মোট ১০টি হিমাগারের প্রায় সবগুলোতে আগাম স্লিপ বিতরণ শেষ হয়ে গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক খায়রুল আলম জানান, আলুর আবাদের ক্ষেত্রে হিমাগারে জায়গার সংকট একটি মারাত্মক সমস্যা। চলতি মৌসুমে জেলায় আলুর ব্যাপক ফলন হবে। কৃষকেরা তাঁদের বীজ আলু হিমাগারে সংরক্ষণ করতে না পারলে আগামী মৌসুমে আলু আবাদ আশঙ্কাজনক হারে কমে আসবে। সদর উপজেলার নারগুন গ্রামের কৃষক আবদুল বারেক বলেন, হিমাগার কর্তৃপক্ষের বিক্রি করা আগাম স্লিপগুলো মজুদকারী ও ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৪৭ হাজার ৮৪৩ মেট্রিক টন। জেলার সবগুলো হিমাগারে মোট ৪৭ হাজার ৭৮৪ মেট্রিক টন আলু রাখা সম্ভব।সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে এক লাখ ৬৭ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় সাড়ে তিন হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটিমাত্র হিমাগার থাকায় সে জেলার কৃষকেরাও আলু রাখতে ঠাকুরগাঁওয়ের হিমাগারগুলোতে ভিড় করেন।ঠাকুরগাঁও সদর উপজেলার একটি হিমাগারের ব্যবস্থাপক রুহুল আমিন জানান, তাঁদের হিমাগারের ধারণক্ষমতা ৮৩ হাজার বস্তা। ৫ জানুয়ারি পর্যন্ত ৮০ হাজার আগাম স্লিপ আলু সংরক্ষণকারীদের কাছে বিক্রি করেছেন। কালোবাজারে আগাম স্লিপ বিক্রির অভিযোগ ঠিক নয়।কালাইয়ের অনেক কৃষকদের অভিযোগ, চাহিদার সুযোগ নিয়ে হিমাগার মালিকেরা এবার আলু সংরক্ষণের আগাম স্লিপ কালোবাজারিদের কাছে বিক্রি করে দিয়েছেন। কালোবাজারি ও দালালদের কাছ থেকে এই স্লিপ সংগ্রহ করতে গিয়ে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।আগাম স্লিপ-বঞ্চিত কৃষকেরা মাথাপিছু অন্তত এক শ বস্তার স্লিপ এবং আলুর সরকারি মূল্য নির্ধারণের দাবিতে গত সোমবার উপজেলা সদরে মানববন্ধন ও হিমাগার মালিকদের বিরুদ্ধে বিক্ষোভ করে। উপজেলা কৃষক সমিতির উদ্যোগে এসব কর্মসূচিতে উপজেলা ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উপজেলা গভীর নলকূপ মালিক সমিতিসহ কয়েকটি সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।সাউথপোল হিমাগারের পরিচালক করিম নেওয়াজ বলেন, ‘আগাম স্লিপ ছাড়ার ঘোষণার কয়েক দিনের মধ্যেই সব কার্ড ফুরিয়ে গেছে। কালোবাজারে বা ব্যবসায়ীদের কাছে আগাম স্লিপ বিক্রি করে দেওয়ার অভিযোগ ঠিক নয়।’কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা মিনফুজুর রহমান বলেন, ‘আগাম স্লিপ কালোবাজারি ও দালালদের হাতে তুলে দেওয়া হয়েছে—এলাকার শত শত কৃষকই এমন অভিযোগ করছেন। অভিযোগ পেয়ে হিমাগার ব্যবস্থাপকদের নিয়ে জরুরি বৈঠকও করা হয়েছে। বৈঠকে হিমাগারগুলোর কাছ থেকে আগাম স্লিপের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃষক কি না তা তদন্ত করে দেখার জন্য কৃষি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনে সংশ্লিষ্ট হিমাগারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করা হবে।’