হিমাগারের আলু তোলার ভয়ে কৃষকদের গা-ঢাকা
রংপুরের ৩৪টি হিমাগারে ১৫ লাখ ৭০ হাজার ৭০৫ বস্তা আলু পড়ে আছে। বর্তমানে প্রতি বস্তা আলুর বাজারদরের চেয়ে এর হিমাগারভাড়া প্রায় ১৫০ টাকা বেশি। এ অবস্থায় কর্তৃপক্ষের চাপে হিমাগার থেকে আলু তোলার ভয়ে অনেকে গা-ঢাকা দিয়েছেন। হিমাগার কর্তৃপক্ষ এসব আলু নিলামে বিক্রি করার ঘোষণা দিলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা (তথ্য সংরক্ষণ) নজরুল ইসলাম জানান, গত মৌসুমে রংপুরে আলুর বাম্পার ফলন হয়। জেলার ৩৪টি হিমাগারে ২০ লাখ ১১ হাজার ৫৪০ বস্তা আলু সংরক্ষণ করে রাখা হয়। গত অক্টোবরের মধ্যেই হিমাগারগুলো খালি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত চার লাখ ৪০ হাজার ৮৩৫ বস্তা আলু তোলা হয়েছে। বাকি আলু হিমাগারে পড়ে আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবস্তা আলুর হিমাগারভাড়া ২৮০ টাকা। কিন্তু বাজারে গ্রানুলা, কুপরি, বার্মা ও ডায়মন্ড জাতের আলু প্রতিবস্তা (৮৪ কেজির বস্তা) গড়ে বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। চাষিরা জানান, এই দামেও ক্রেতা নেই। শুধু আলু বিক্রি করে হিমাগারভাড়াও উঠছে না।বদরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান জানান, কৃষকেরা হিমাগার থেকে আলু তোলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।তারাগঞ্জের মেনানগর গ্রামের আলুচাষি জিয়ারুল হক বলেন, ‘আলু যকোন তুলচি, তকোনে ব্যাচে দেলেও খরচ না উটুক, কিছু টাকা ঘরোত আসিল হয়। ইস্টোরোত থুইয়া হচি বোকার বোকা। এ্যালা এই আলুর বস্তা তুলবার গেইলে তাক ব্যাচে দিয়াও ঘর থাকি ১৫০ টাকা দিয়া ইস্টোরের ভাড়া মিটপার নাগবে। ইস্টোর থাকি পেত্যেক দিন বাড়িত মানুষ আসি আলু বাইর কইরবার জন্যে মোক উকটেয় (খোঁজে)। ওমার ভয়োতে এ্যালা মুই পালে থাকি।’বদরগঞ্জের আলুচাষি মহুবার রহমান বলেন, ‘পেত্যেক বস্তা আলু আবাদ করতে খরচ পড়ছে ৬৫০ টাকা। বস্তা কিনবার নাগচে ৭০ টাকা। ইস্টোর ভাড়া ২৮০ টাকা। এক বস্তায় খরচ এক হাজার টাকা। তাক এ্যালা বাজারোত বেচপার গেইলে কায়ো নেয় না। নেজের আলু ইস্টোরোত থুইয়া বাইর করবার ভয়োতে এ্যালা পালে থাকি।’তারাগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, ‘হিমাগারে খোঁজ নিতে গিয়ে দেখেছি, একটি হিমাগার থেকে গ্রানুলা জাতের আলু ১০০ টাকা বস্তা বিক্রি করলেও কেউ কিনছেন না। এ আলু অনেকে গরুকে খাওয়াচ্ছেন।’তারাগঞ্জের এনএন হিমাগারের পরিচালক আনিছুর রহমান বলেন, ‘আমার হিমাগারে এক লাখ ৪০ হাজার বস্তা আলু রাখা হয়েছে। বস্তাপ্রতি ৩০০ টাকা হিসাবে প্রায় দুই কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবরের মধ্যে এসব চাষিকে আলু বের করে নেওয়ার কথা। কিন্তু বাজারের চেয়ে হিমাগারভাড়া প্রায় দ্বিগুণ হওয়ায় চাষিরা আলু তুলছেন না। এখনো ৭০ হাজার বস্তা আলু হিমাগারে পড়ে আছে। এসব আলু নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হলেও ক্রেতা মিলছে না।’বদরগঞ্জ উপজেলার শাহ্জালাল হিমাগারের মনিটরিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘আমাদের হিমাগারে আলু ছিল এক লাখ ৮২ হাজার ৫০০ বস্তা। এখনো পড়ে আছে প্রায় ৫০ হাজার বস্তা। চাষিরা আলু না নিলে চলতি সপ্তাহেই নিলামে বিক্রি করা হবে।’তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, ‘আলুর দামের চেয়ে হিমাগারভাড়া দ্বিগুণ। হিমাগার কর্তৃপক্ষ আলু বের করে নেওয়ার জন্য চাষিদের বাড়ি বাড়ি গিয়ে চাপ দিচ্ছেন। এ কারণে চাষিরা আত্মগোপন করে থাকছেন। আমিও আলু রেখে হিমাগার কর্তৃপক্ষের চাপে মানসম্মান রক্ষায় গা-ঢাকা দিয়েছি।’