‘ওরা আমার সারা জীবনের সব কামাই নষ্ট করি ফেলিছে। ওদের অবহেলা, অযত্নে আমার ৩১ লাখ টাকার আলুবীজ পচি গিছে। আমি বিচার চাই! ক্ষতিপূরণ চাই!’ নাটোরের ‘বিশ্বাস কোল্ড স্টোরেজ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই অভিযোগ করলেন কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়ার খুরশিদ আলম জোয়াদ্দার।যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে খুরশিদ আলমের মতো অনেক ব্যবসায়ীর কয়েক কোটি টাকার আলুবীজ এই হিমাগার থেকে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকলেও তাঁরা তা পাননি। কুষ্টিয়া থানাপাড়ার ফুড ভেলি প্রতিষ্ঠানের মালিক খুরশীদ আলম জোয়াদ্দার গত মঙ্গলবার নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত তিনি এক লাখ ২৬ হাজার কেজি আলুবীজ সংরক্ষণের জন্য বিশ্বাস কোল্ড স্টোরেজে রাখেন, যার বুকিং নম্বর ৫৫০৮। গত ৩০ নভেম্বর পর্যন্ত ওই আলু সংরক্ষণ করার কথা। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থাপনা খরচ সাশ্রয়ের জন্য গত অক্টোবরে হিমাগারের যন্ত্রপাতি বন্ধ করে দেয়। পৃথক প্রকোষ্ঠে বীজ আলু রাখার বিধান থাকলেও কর্তৃপক্ষ তা করেনি। বিদ্যুৎ না থাকলে নিজস্ব জেনারেটর দিয়ে হিমাগার চালু রাখার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করেনি। পচন ঠেকাতে ‘পালট’ পদ্ধতি প্রয়োগ করার কথা থাকলেও তারা তা করেনি।এ অবস্থায় গত ৫ নভেম্বর খুরশিদ আলম সর্বপ্রথম হিমাগার থেকে ৩৬৪ বস্তা আলু বের করেন। সেখানে দেখা যায়, অধিকাংশ আলু পচে গেছে। বাকি আলুর গাছ বের হয়ে গেছে। এরপর তিনি জরুরি ভিত্তিতে বেশ কয়েকজন ক্রেতাকে নিয়ে হিমাগারের আলু দেখালে তাঁরা কেউই ওই আলু কিনতে রাজি হননি। ইতিমধ্যে তাঁর সব আলুতে পচন ধরেছে। এতে তাঁর ৩১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।বিশ্বাস কোল্ড স্টোরেজ হিমাগারের ব্যবস্থাপক শ্রীকান্ত প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের সমস্যার কারণে আমাদের প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের বিমা করা আছে। আমরা বিমা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘অভিযোগকারী খুরশিদ আলম জোয়াদ্দারের কিছু আলু আমরা সরবরাহ করেছি। তাঁর আলু হিমাগারে ঢোকানোর সময়ই কিছুটা খারাপ ছিল। তার পরও আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’