হিমাগারের আলুতে পচন, তিন হাজার কৃষক ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় বরেন্দ্র স্পেশালাইজড হিমাগারে আলুর বীজ পচে গেছে। এমন খবরে গতকাল শুক্রবার সকাল থেকে ওই হিমাগারের সামনে ভিড় করেন কৃষকেরা। কর্তৃপক্ষ প্রধান ফটক তালাবদ্ধ করে রাখায় কৃষকেরা হিমাগারের সামনে বিক্ষোভ করেন।বরেন্দ্র স্পেশালাইজড হিমাগারে আলুর বীজ পচে যাওয়ার খবর প্রথম প্রচারিত হয় ১৯ সেপ্টেম্বর। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার প্রায় কয়েক শ কৃষক হিমাগারের সামনে ভিড় জমান। কৃষকদের চাপের মুখে হিমাগারের ব্যবস্থাপক হিমাগার খোলে দেন। আলুর বস্তা দেখে কৃষকেরা হতাশায় ভেঙে পড়েন। এ সময় কৃষকদের বিক্ষোভের মুখে হিমাগারের ব্যবস্থাপক আজিজার রহমান ও মালিক সুরেশ আগরওয়ালা পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দিলে কৃষকেরা শান্ত হন। ওই দিন হিমাগারের মালিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণের টোকেনও বিলি করেন। ওই হিমাগারে তিন হাজার প্রান্তিক কৃষকের প্রায় ১০ হাজার বস্তা আলুর বীজ সংরক্ষিত ছিল। হিমাগারে ম্যাংগো পাল্প বা আমের রসের ব্যারেল রাখায় আলুর বীজ নষ্ট হয়ে গেছে বলে কৃষকেরা অভিযোগ করেন। বিক্ষোভকারী কৃষকদের মধ্যে তালোড়ার সুরেশ মণ্ডল, পৌওতা গ্রামের আবদুর রাজ্জাক, টেমা গ্রামের ফরিদ উদ্দিন, মমতাজুর রহমান বলেন, আলু চাষাবাদ করার জন্য ওই হিমাগারে আলুর বীজ রাখা হয়েছিল। বীজগুলো পচে আলুতে গাছ গজিয়েছে। গত মার্চের শেষ সপ্তাহে আলুর বীজ রাখা হয়েছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে এসব বীজ হিমাগার থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু হিমাগারের লোকজনের অবহেলার কারণে সব আলু পচে নষ্ট হয়ে গেছে। হিমাগারের মালিক আগে আলুর ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিলেও আজ (শুক্রবার) তাঁরা হিমাগারের প্রধান ফটক বন্ধ করে দিয়েছেন। বরেন্দ্র হিমাগারের মালিক সুরেশ আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ‘আলু দেওয়ার এখন সময় হয়নি। যদি কোনো কৃষকের আলু পচে যায়, তবে বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ দেব।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘এর আগে হিমাগারের মালিক কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন। এখন না দিলে আমরা তাঁর বিরুদ্ধে কী করতে পারি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম বলেন, ‘আলুর বীজ না পেলে এবার উপজেলায় আলুর চাষাবাদ করতে পারবেন না প্রান্তিক চাষিরা। তাই উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ওই হিমাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’