হিমাগারের পচা আলু ফেলে পরিবেশদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কৃষিকল হিমাগারে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা প্রায় ১৩ হাজার বস্তা আলু পচে নষ্ট হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ এগুলো যথাযথ স্থানে না ফেলে শহরতলির দ্বিতীয় বাইপাস এলাকায় সড়কের পাশে স্তূপ করে রেখেছে। ফলে দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বগুড়ার কৃষিকল হিমাগারে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা প্রায় ১৩ হাজার বস্তা আলু পচে নষ্ট হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ এগুলো যথাযথ স্থানে না ফেলে শহরতলির দ্বিতীয় বাইপাস এলাকায় সড়কের পাশে স্তূপ করে রেখেছে। ফলে দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকার কৃষিকল হিমাগার লিমিটেডে দীর্ঘদিন ধরে সংরক্ষণে রাখা প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৩ হাজার বস্তা আলু পচে নষ্ট হয়েছে। পচে যাওয়া এসব আলু হিমাগার থেকে বের করে এক মাস ধরে ট্রাকে ভরে শহরতলির একটি সড়কের পাশে ফেলা হচ্ছে।
এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে ওই সড়কে এলাকাবাসী যাতায়াত করতে পারছে না। বাতাসে এই দুর্গন্ধ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বাজারে বিক্রির জন্য বেশি মুনাফার লোভে টানা দুই মৌসুম ধরে ওই হিমাগারে ২০ হাজারেরও বেশি বস্তা আলু মজুত করে রেখেছিল হিমাগার কর্তৃপক্ষ। চলতি মৌসুমে আধা পচা প্রায় সাত হাজার বস্তা আলু তারা ইতিমধ্যে বাজারে বিক্রিও করেছে। কিন্তু ১৮ মাস ধরে এসব আলু হিমাগারে সংরক্ষণ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ১৩ হাজার বস্তা পচে নষ্ট হয়ে যায়। পরে এগুলো হিমাগার থেকে বের করে পাশের রাস্তায় ফেলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, হিমাগারের পচা আলুতে পরিবেশদূষণের বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এতে পরিবেশদূষণ হয়ে থাকলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে গিয়ে ও হিমাগার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের সংরক্ষণ মৌসুমে বাজারে আলুর দাম কম থাকায় অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগারে আলু রাখেন। পরে তাঁরা হিমাগার থেকে আলু না নেওয়ায় বগুড়ার কৃষিকল হিমাগারে প্রায় ২০ হাজার বস্তা আলু থেকে যায়। দাম কম থাকায় হিমাগার কর্তৃপক্ষ এসব আলু আরেক মৌসুম সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

হিমাগার মালিক অ্যাসোসিয়েশন সূত্র জানায়, নির্দিষ্ট ভাড়া গ্রহণ সাপেক্ষে বছরের মার্চ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত সাড়ে আট মাস ধরে হিমাগারে আলু সংরক্ষণ করা হয়। এই সময় পর্যন্ত আলুর সংরক্ষণ মান ভালো থাকে। এর বেশি সময় ধরে সংরক্ষণ করলে আলু পচে যাওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি জানা থাকলেও বাড়তি লাভের আশায় ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত ১৮ মাস ধরে হিমাগারে আলু মজুত করে রাখা হয়।

কৃষিকল হিমাগারের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, বাজার মন্দার কারণে চলতি মৌসুমে আরেক দফা সংরক্ষণ শেষে কম দামে প্রায় সাত হাজার বস্তা আলু বিক্রি করা হয়েছে। অবশিষ্ট ১৩ হাজার বস্তা এক মাস ধরে ট্রাকে করে বাইরে ফেলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পচে যাওয়া এসব আলু শহরতলির মাটিডালি বাজার থেকে শাখারিয়া নামাপাড়া হয়ে দ্বিতীয় বাইপাস সংযোগসড়কের পাশে স্তূপ করে ফেলা হয়েছে। মাটিডালি বাজারের বাসিন্দা মো. রনি জানান, তিন দিন আগেও এসব আলু এনে এখানে ফেলা হয়েছে। দুর্গন্ধে এলাকায় থাকা যাচ্ছে না। রাস্তা দিয়ে যাতায়াত করতে দম বন্ধ হয়ে আসছে।

স্থানীয় খন্দকার কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক আবু তালেব বলেন, আলু পচে গেলে তা যথাযথভাবে ধ্বংস করা উচিত। কিন্তু কৃষিকল হিমাগার কর্তৃপক্ষ তা করেনি। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।