হিমাদ্রী হত্যা মামলার রায় পিছিয়েছে

মারধরের পর কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার রায় পিছিয়েছে।আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। ১৬ জুলাই যুক্তিতর্কের শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, কাল হিমাদ্রী হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় ঘোষণা করা হবে না। বিচারক ছুটিতে থাকায় এটি পেছানো হয়েছে। আগামী রোববার রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ছেলে হত্যা মামলার রায়ের প্রতীক্ষায় আছেন তাঁরা। তাঁর আশা, শিগগিরই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রায় ঘোষণা করবেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। পরদিন হিমাদ্রীর মামা অসিত কুমার দে বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন ও মাহাবুব আলী। পলাতক রয়েছেন টিপুর ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম।