হিমাদ্রী হত্যা মামলার রায় রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হিমাদ্রী মজুমদার হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। এই রায় ঘোষণা এর আগে দুইবার পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণার নতুন এই দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায় হয়নি। ১১ আগস্ট (আজ) পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল। আজ চট্টগ্রাম আদালতে ‘ফুল কোর্ট রেফারেন্স’ থাকায় রায় ঘোষণা করা হয়নি।

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী আজ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ফুল কোর্ট রেফারেন্স থাকায় রায় ঘোষণা করা হয়নি। বিচারক আগামী রোববার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।

২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।
হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন ও মাহাবুব আলী। পলাতক আছেন টিপুর ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম।