হিমাদ্রী হত্যা মামলার রায় ২৮ জুলাই

মারধরের পর কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার রায় ২৮ জুলাই ঘোষণা করা হবে। গতকাল শনিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণার এই দিন ধার্য করেন। একই সঙ্গে আদালত এই মামলার দুই আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাত হোসেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আলোচিত এই মামলার পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা দুই আসামি পালিয়ে যেতে পারেন উল্লেখ করে তাঁদের জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত জামিন বাতিল করে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি দুই আসামি শাহ সেলিমের ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ এবং জাহিদুর রহমান পলাতক রয়েছেন। কারাগারে আটক আছেন মাহাবুব আলী খান। এই মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর
কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। পরদিন হিমাদ্রীর মামা অসিত কুমার দে বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘মামলার প্রতিটি ধার্য দিনে আদালতে হাজির ছিলাম। রায় ঘোষণার দিন ধার্য করায় আমি খুশি। আসামিদের যাতে শাস্তি হয়। কুকুর লেলিয়ে দিয়ে যাতে আর কোনো ছেলেকে হত্যা করা না হয়।’
হিমাদ্রীর মা গোপা মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যারা আমার ছেলেকে মেরেছে, আমি তাদের শাস্তি চাই।’