হিমাদ্রীর বাসায় বিএনপির নেতারা
কুকুর লেলিয়ে হত্যাকাণ্ডের শিকার হিমাদ্রী মজুমদারের পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির নেতারা দেখা করেছেন। এ সময় তাঁরা স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এক মাসেও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।বিএনপির চট্টগ্রাম নগর সভাপতি আমীর খসরু মাহমুদ ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ অন্য নেতারা দুপুর ১২টার দিকে হিমাদ্রীদের হেমসেন লেনের বাসায় যান। তাঁরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে সময় কাটান।এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হওয়াটা বিস্ময়কর। পুলিশকে বিরোধী দল নিপীড়নে ব্যবহার করার কারণে তারা তাদের আসল কাজে এখন সময় দিতে পারছে না। এ কারণে দেশে খুন, সন্ত্রাস ও নৈরাজ্য বেড়ে গেছে।’ আইনের শাসন প্রতিষ্ঠায় এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। এদিকে, গতকাল র্যাবের একটি দল হিমাদ্রীর পরিবারের সঙ্গে দেখা করেছে। তাঁরা পরিবারের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন খোঁজখবর নেন বলে র্যাব সূত্রে জানা গেছে।