হিমানন্দকাঠি সেতুর কাজও ঝুলে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা জটিলতার কারণে বরিশাল-করাপুর-নবগ্রাম স্বরূপকাঠি সড়কের ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা খালের ওপর হিমানন্দকাঠি সেতুর কাজ কয়েক বছর ধরে ঝুলে আছে।ঝালকাঠি সড়ক বিভাগের উচ্চমান সহকারী বজলুর রহমান জানান, ৩৬ দশমিক ৬০ মিটার দৈর্ঘ্য ও সাত মিটার প্রস্থের এক স্প্যানের পিসি গার্ডার সেতুটি নির্মাণের জন্য ২০০৭ সালের মে মাসে দরপত্র আহ্বান করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার মো. মাহফুজ খান নামের এক ঠিকাদার দুই কোটি ১৬ লাখ টাকায় কাজটি পান। ওই বছরের ৩১ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। পাঁচ মাসের মধ্যে, অর্থাৎ ২০০৮ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা। স্বরূপকাঠির কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক নিরঞ্জন হালদার জানান, সেতুটি নির্মিত হলে স্বরূপকাঠির সঙ্গে বরিশালের সড়কপথের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার কমে যাবে। স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারাচাষি বঙ্কিম মণ্ডল ও শেখর শিকদার জানান, এই এলাকার কয়েক হাজার মানুষ পেয়ারা, নার্সারি ও সবজি চাষের সঙ্গে জড়িত। সকালে পেয়ারা তুলে নৌকায় করে ১০ কিলোমিটার দূরে ইন্দুরহাট থেকে লঞ্চে বিকেলে ঢাকায় পাঠানো হয়। এতে অনেক পেয়ারা নষ্ট হয়ে যায়। ঠিকাদার মাহফুজ খান জানান, কাজটি ছিল এডিপি প্রকল্পের আওতায়। প্রকল্প শেষ হওয়ায় তহবিল প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। এ জন্য কাজ বন্ধ রাখা হয়েছে। সড়ক বিভাগের কাছে ছয় মাস আগে সেতু নির্মাণের অর্থ পাওয়ার নিশ্চয়তা চেয়ে একটি আবেদন করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ঝালকাঠি সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আজম খান জানান, হিমানন্দকাঠি সেতুর অ্যাবাটমেন্ট নির্মিত হয়েছে। এখনো গার্ডার, টপস্লাব ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ বাকি। ২০১০ সালের ২ ডিসেম্বর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (বরিশাল সার্কেল) দপ্তরে পাঠানো প্রতিবেদনে কাজ শেষ করতে তিন কোটি ২৪ লাখ টাকার নতুন করে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ এলে আবার সেতুর কাজ শুরু হবে।