হিমালয়ে যাচ্ছেন সাত অভিযাত্রী
মাউন্ট এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের নেতৃত্বে হিমালয়ের আমা-দাবলাম ও কেয়াজো-রি শিখর জয় করার অভিযানে যাচ্ছেন সাত অভিযাত্রী। ১৫ দিনের এই অভিযানে ২৭ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে দলটি।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এ অভিযানের আয়োজন করেছে। এই অভিযানের স্পনসর হলো অ্যাপেক্স গ্রুপ, শাহ সিমেন্ট, বিজিএমইএ, বার্জার পেইন্টস ও জনতা ব্যাংক।
অভিযানের দলনেতা এম এ মুহিত এবং অভিযাত্রীরা হলেন নূর মোহাম্মদ, কাজী বাহালুল মজনু, শামীম তালুকদার, ইকরামুল হাসান শাকিল, শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ। সংবাদ সম্মেলনে এ অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সংবাদ সম্মেলনে দলনেতা এম এ মুহিত বলেন, গত বছর ভয়ংকর তুষারপাতের ফলে বাংলাদেশের প্রথম কেয়াজো-রি অভিযান ব্যর্থ হয়েছিল। এ জন্য আবারও ওই পর্বত জয়ে যাবে দলটি। এ ছাড়া যুগপৎ পাথর ও বরফে আরোহণের বিশেষ দক্ষতার প্রয়োজন হয় বলে আমা-দাবলাম পর্বত যেকোনো অভিযাত্রীর জন্য অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। বাংলাদেশে এই প্রথম এক অভিযানে হিমালয়ের দুটি পর্বত আরোহণের পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং জোহেব আহমেদ, বিজিএমইএর সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।