হিমায়িত চিংড়ির মান অক্ষুণ্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিংড়ি শিল্প এবং দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে হিমায়িত চিংড়ির মান কঠোরভাবে বজায় জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন। অ্যাসোসিয়েশনের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দিয়ে বলেন, হিমায়িত খাদ্য, বিশেষ করে চিংড়ির মান কঠোরভাবে বজায় না রাখলে গোটা শিল্পই ক্ষতিগ্রস্ত হবে। খবর বাসসেরপ্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশের চিংড়ি রপ্তানি বন্ধ ছিল। পরবর্তীকালে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এ লক্ষ্যে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়ায় চিংড়ি রপ্তানি আবার শুরু হয়।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চিংড়ি রপ্তানি বাড়িয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় রপ্তানি কমে গিয়েছিল। সে সময় তাঁর সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য শিল্প খাতকে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।মাছের চাষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কৃষি জমির যেন ক্ষতি না হয়, সেভাবে চিংড়িচাষিদের ঘের তৈরি করতে হবে। তিনি বাঁধের কোনো ক্ষতি না করে এবং সব বিধিবিধান মেনে চিংড়ি চাষের জন্য চাষিদের প্রতি নির্দেশ দেন। বৈঠকে রপ্তানিকারকেরা এই শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেসবের সমাধানে সরকারের সহায়তা কামনা করেন।