হিমু পরিবহনে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হিমু পরিবহন—অনেকেই জানেন এটা নিছক কোনো বাস সার্ভিসের নাম নয়। হিমু পরিবহন এক ভালোবাসার নাম। ২০১৩ সালে গোড়াপত্তন হওয়া এই সংগঠনটির কেন্দ্রস্থলে আছে একটি নাম—হিমু। আর হিমু মানেই হ‌ুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের প্রয়াত এই কিংবদন্তির সৃষ্ট চরিত্রটিকে ভালোবেসে কয়েকজন তরুণ চালু করেন হিমু পরিবহন। যার সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘হেলপার’ হিসেবে। এই ‘হেলপাররা’ সারা বছর নানান অনুষ্ঠান আয়োজন করেন হিমু পরিবহনের হয়ে। গতকাল ১৩ নভেম্বর ছিল হ‌ুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন। এ উপলক্ষেও চমৎকার এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংগঠনটির সদস্যরা।

বাংলাদেশ শিশু একাডেমীর অডিটোরিয়ামে ১৩ নভেম্বর সন্ধ্যা ছয়টায় শুরু হয় সেই আয়োজন। সময়মতো পৌঁছাতে না পারায় পরিবহন ছেড়ে গেছে (পড়ুন অনুষ্ঠান শুরু হয়েছে) আধা ঘণ্টা আগে। যখন পৌঁছালাম মঞ্চে, তখন সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ কথা বলছেন প্রিয় লেখককে নিয়ে। দর্শক সারিতে বসা নীল আর হলুদ পোশাকের ছেলেমেয়েরা। সবাই যেন রূপা আর হিমু। 

অনুষ্ঠানে হ‌ুমায়ূন আহমেদের সহোদর প্রখ্যাত কার্টুনিস্ট, লেখক এবং উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব বললেন, ‘আমার ভাই বলতেন, পৃথিবীতে সব ধরনের পাগলেরই দরকার আছে। হিমু পরিবহনের ছেলেমেয়েদের কার্যক্রম দেখে অনেকে পাগলামি মনে করলেও এটারও দরকার আছে। আমার তো এদের অনুষ্ঠানে আসতে ভালো লাগে।’
হ‌ুমায়ূন জন্মোৎসব ২০১৬ উপলক্ষে ‘নক্ষত্র’ নামে একটি বিশেষ ম্যাগাজিনও প্রকাশ করেছে হিমু পরিবহন। এ ছাড়া অতিথিদের নিয়ে উদ্বোধন করা হয় হিমু পরিবহনের ওয়েবসাইট। হিমু পরিবহনের অন্যতম ‘হেলপার’ মুরাদ বললেন, ‘হ‌ুমায়ূন আহমেদ স্যারের বই পড়ার প্রতি মানুষকে উৎসাহিত করতে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি। রকমারি ডটকমের সঙ্গে মিলে হিমু পরিবহন আয়োজন করেছে বুক রিভিউ প্রতিযোগিতা। যেখানে নভেম্বর মাসজুড়ে রিভিউ লিখে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে পাঠকদের জন্য।’
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করে হিমু পরিবহন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এর আগে ১৩ নভেম্বর ভোরে সংগঠনের পক্ষ থেকে একদল হিমু-রূপা খালি পায়ে হেঁটে গিয়েছিল প্রিয় লেখকের সমাধিস্থল গাজীপুরের পিরুজালি গ্রামে নুহাশপল্লীতে।