হিমেল হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পরদিনই হিমেল দাশকে বান্দরবানের উঁচু পাহাড়ে নিয়ে হত্যা করা হয়। তিন মাস আগেই এই হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে মাহমুদুল ইসলাম ও তাঁর ভাই নজরুল ইসলামসহ ছয়জন অংশ নেন। হিমেল এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। হিমেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার দুই ভাই মাহমুদুল ও নজরুল গতকাল রোববার ডবলমুরিং থানার পুলিশকে এসব তথ্য দেন। মাহমুদুলের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় হিমেলের দূর সম্পর্কের কাকা সুনীল দাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।মাহমুদুল দাবি করেন, সুনীল ও মিজান নামের সাতকানিয়ার দুই লোক হিমেলকে হত্যার প্ররোচনা দেন। এ জন্য তাঁদের দুই লাখ টাকা দেওয়ার কথা বলেন। তিন মাস আগে থেকে হত্যার পরিকল্পনা হয়। হত্যাকাণ্ডে মাহমুদুল, নজরুল, সাগর, সেলিম ও আরও দুই অজ্ঞাত তরুণ অংশ নেন। ৯ মে রাত ১০টার দিকে পাহাড়ের চূড়ায় হিমেলকে হত্যা করে লাশ ঝিলে ফেলে দেওয়া হয়।হত্যাকাণ্ডের পর মাহমুদুল গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে হিমেলদের বাসায় যান। তিনি হিমেলের মা পাপিয়া সেনকে ছেলেকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি তাঁর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডে সুনীলের সংশ্লষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনীল দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি কিছুই জানেন না। খুনের সঙ্গে জড়িত মাহমুদুল ও নজরুল।নিহত হিমেল বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায়। এর আগে ২০০৬ সালে হিমেলের বাবা রেলওয়ে কর্মকর্তা সুনীল দাশের অস্বাভাবিক মৃত্যু হয়।হিমেলের মা জানান, ‘পাহাড়তলী রেললাইন থেকে হিমেলের বাবার কাটা লাশ উদ্ধার করা হয়। তখন বুঝতে পারিনি আসলে দুর্ঘটনা, নাকি কেউ তাঁকে মেরে রেললাইনের ওপর ফেলে রেখেছিল।’ডবলমুরিং অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেন বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলছেন। তবে সুনীলের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’পুলিশ জানায়, নজরুল জানিয়েছেন, পলাতক আসামি সাগর হিমেলের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। এরপর আমি তার পা চেপে ধরি। সেলিম মুখে কাপড় গুঁজে দেয়। পরে বেল্ট দিয়ে গলা বেঁধে তাকে পাহাড়ের চূড়া থেকে ঝিলে ফেলে দেওয়া হয়।শনিবার রাতে হিমেলের লাশ বান্দরবান থেকে চট্টগ্রামে আনা হয়। ময়নাতদন্ত শেষে গতকাল বলুয়ারদিঘি মহাশ্মশানে তার শেষকৃত্য হয়।প্রসঙ্গত, মাহমুদুল হলেন হিমেলের বন্ধু সোহেলের ভগ্নিপতি। ৮ মে রোববার মাহমুদুল ফোন করে হিমেলকে বান্দরবান নিয়ে যান।